সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদী বালুমহালে অবৈধভাবে খননযন্ত্র চালানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তরের করা মামলায় ৩৬ জনের নামে সিলেটের পরিবেশ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট মো. সাইফুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদী পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গত ২৪ জানুয়ারি সরেজমিন পরিদর্শন করে নিষিদ্ধঘোষিত ‘বোমা মেশিন’ (মাটির তলদেশ থেকে পাথর তোলার যন্ত্র) ও খননযন্ত্র দিয়ে পাথর তোলার বিষয়টি পর্যবেক্ষণ শেষে পরদিন ২৫ জানুয়ারি মামলা করা হয়। এরপর তদন্ত শেষে পরিবেশ আদালত আইন ২০০০-এর ৭(৭) ধারায় ৩৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালতে অভিযোগপত্রের শুনানি শেষে বিচার কার্যক্রম শুরু হবে।
অভিযুক্ত ৩৬ জনের বাড়ি সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। তাঁদের নাম ও ঠিকানা উল্লেখ করে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা উপেক্ষা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৪(১), (২), (৩), ৯ ও ১২ ধারা লঙ্ঘন করে তাঁরা অপরাধ করেছেন। মো. আলমগীর ও আবদুর মালেক নামের দুজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় তাঁদের নাম এজাহার থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ধোপাজান-চলতি নদী বালুমহালের অবস্থান সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার চলতি নদীর সীমান্তবর্তী ডলুরা এলাকায়। ৩৭১ একর আয়তনের বালুমহালের ইজারাদার তফাজ্জল হোসেন হলেও এটি নিয়ন্ত্রণ করছেন সুনামগঞ্জ শহরের বাসিন্দা ব্যবসায়ী জিয়াউল হক। ইজারার নীতিমালা লঙ্ঘন করে খননযন্ত্র দিয়ে পাথর তোলার বিষয়ে ১০ অক্টোবর প্রথম আলোয় ‘সুনামগঞ্জের চলতি নদী/ খননযন্ত্রে অবাধে বালু উত্তোলন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।