৩৬ টাকা খাইয়ে ২৫ টাকার দুধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুধের দাম কমে গেছে। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়। অথচ গাভির খাদ্য ভুসি প্রতি কেজি ৩৬ টাকা! এতে লোকসানের মুখে পড়েছেন গাভির মালিকেরা। আজ সোমবার সকালে উপজেলার ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, দুই শতাধিক লোক দুধ বিক্রি করতে বসে আছেন। কিন্তু ক্রেতা তেমন নেই। তাই দুধের বাজারে দামও কম।

দুধ বিক্রি করতে আসা আজহার আলী বলেন, প্রায় এক সপ্তাহ ধরে দুধের দাম কমছে। কারণ, বাজারে দুধ কেনার জন্য বড় কোনো ক্রেতা আসছেন না। বিশেষ করে দই ও মিষ্টির কারিগরদের দুধের চাহিদা কমে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পাঁচজন বিক্রেতা একই কথা বলেন। তাঁরা বলছেন, দুধের দাম কমে গেলেও গরুর খাবার ভুসির দাম বাড়ছে। বর্তমানে প্রতি কেজি ভুসি ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। দুধ বিক্রি করে ভুসির দাম পাওয়া যাচ্ছে না।

ধানগড়া বাজারের আরমান কনফেকশনারির মালিক আরমান সরকার বলেন, ঈদের পর দই ও মিষ্টির বিক্রি কমে গেছে। বর্ষার সময় মিষ্টির বিক্রি এমনিতেই কম হয়। তাই দুধের বাজারে এর প্রভাব পড়েছে।

রণতিথা এলাকার দুধ ক্রেতা মাসুদ রানা বলেন, ‘৪০-৪৫ টাকা লিটারের দুধ এখন ২৫ টাকা। আমরা যারা কিনে খাই, তাদের জন্য বিষয়টি ভালো।’

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন (ভিএস) আমির হামজা বলেন, উপজেলার অনেক মানুষ এখন বাণিজ্যিকভাবে গাভি পালন করছেন। তাঁরা দুধ বিক্রি করে জীবিকা চালান। কিন্তু দুধের দাম কমে যাওয়ায় ক্ষতি হচ্ছে তাঁদের।