৩৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাউবো সিবিএর বিক্ষোভ চট্টগ্রামে
সম্প্রতি অনুমোদিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নতুন জনবলকাঠামোতে কর্মচারীদের নিয়োগ-সংক্রান্ত বিধি পরিবর্তন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের গ্রেড অবনমন বাতিলসহ ৩৬ দফা দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)। এসব দাবি বাস্তবায়নের জন্য চট্টগ্রামের বহদ্দারহাটে গতকাল সোমবার সকালে পাউবোর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন সিবিএর নেতা-কর্মীরা।
সিবিএর কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. নূরের রহমান। সমাবেশ শেষে সিবিএর নেতা-কর্মীরা পাউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী এ কে এম শামসুল করিমের কার্যালয়ে গিয়ে ৩৬ দফা দাবি পেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বলা হয়, সম্প্রতি ১২ হাজার ৬৩৪ জনের একটি নতুন জনবলকাঠামো অনুমোদন দিয়েছে সরকার। এর নাম দেওয়া হয়েছে ‘নিড বেজড সেটআপ’। নতুন জনবলকাঠামোর কারণে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত কর্মচারীরাও চাকরি হারানোর শঙ্কায় ভুগছেন। এ ছাড়া নতুন কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতনের গ্রেডেরও অবনমন করা হয়েছে।
পাউবো সিবিএ চট্টগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম মজুমদার প্রথম আলোকে বলেন, নতুন এ কাঠামো কর্মচারীদের স্বার্থবিরোধী। শুধু কর্মকর্তাদের স্থায়ীভাবে রাখার জন্য এ কাঠামো করা হয়েছে। অবিলম্বে এ কাঠামো সংশোধন করা প্রয়োজন। পাউবো সিবিএ এর বিরুদ্ধে কঠোর আন্দোলন চালিয়ে যাবে।