৩৬ প্রকল্প বাস্তবায়নের দাবি খুলনাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার খুলনায় আসছেন। তাঁর এই সফরকে ঘিরে খুলনা অঞ্চলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। দলীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো প্রতি দিনই মিছিল-সমাবেশ করছে। প্রত্যাশায় বুক বেঁধেছে অবহেলিত এ জনপদের মানুষ। জেলা প্রশাসন ইতিমধ্যে প্রত্যাশিত দাবিনামার পক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরি ফ্যাক্সবার্তা পাঠিয়েছে। ওই বার্তায় বৃহত্তর খুলনায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৩৬টি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে বিশেষ মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণসহ উন্নয়নের দাবিতেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বন্ধ ঘোষিত পিপলস জুট মিলস চালু এবং খুলনা শিপইয়ার্ড ও মংলায় দুটি প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ খুলনায় আসছেন। জুট মিল উদ্বোধন শেষে তিনি খুলনা মহানগরের খালিশপুরে মুহসিন কলেজসংলগ্ন প্রভাতি মাঠে জনসভায় ভাষণ দেবেন। জনসভা থেকে খুলনাবাসীর ন্যায়সংগত দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী সুস্পষ্ট ঘোষণা দেবেন, এমনটাই আশা করছেন এ অঞ্চলের মানুষ।খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে সব সময় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। অবহেলিত খুলনাবাসীর দাবি সম্পর্কে তিনি অবগত। খুলনার উন্নয়নে পর্যায়ক্রমে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি গত বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছে। সংগঠনের সভাপতি লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহ ও বিতরণ, আধুনিক রেলস্টেশন নির্মাণ, সুন্দরবনের সুরক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ, বন্ধ মিলকারখানা চালু, বিমানবন্দর নির্মাণসহ কয়েকটি সুনির্দিষ্ট দাবিতে খুলনাবাসী দীর্ঘদিন আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের আন্তরিকতার পরও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।