আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন—এমন ৩৬ জনের তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি সংস্থা৷
ভোটারদের নিরাপত্তা এবং ভোটকেন্দ্রসহ এর আশপাশের এলাকায় শািন্তশৃঙ্খলা বজায় রাখার জন্য এসব ব্যক্তির ওপর কড়া নজরদারির সুপারিশ করে ওই সংস্থাটি একটি প্রতিবেদন তৈরি করেছে৷ এই প্রতিবেদন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কাছে দেওয়া হয়েছে৷
সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, তালিকাভুক্ত এসব ব্যক্তির অনেকের বিরুদ্ধেই খুন, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অভিযোগে মামলা রয়েছে৷ এঁদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত৷ তিনজন আছেন বিএনপির নেতা৷ এসব ব্যক্তির অনেকেই আবার র্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, অতীতে বিভিন্ন সময়ে গ্রেপ্তারও হয়েছিলেন। এর মধ্যে নির্বাচনী এলাকার বাইরের বাসিন্দাও আছেন৷
এ-সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যক্তি অর্থ ও পেশিশক্তির জোরে নির্বাচনকে প্রভাবিত করতে পারে৷
আইনশৃঙ্খলা রক্ষাকারী ওই সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এ উপনির্বাচনের জন্য ‘বিপজ্জনক’ এসব ব্যক্তির মধ্যে রয়েছেন: সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও হত্যাসহ বিভিন্ন মামলার আসামি মতিউর রহমান ওরফে সুন্দর মতি৷ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পরপর সুন্দর মতি গা ঢাকা দিয়েছিলেন৷ তখন তাঁর বাড়ি ও অফিসে পুলিশ তল্লাশি চালিয়েছিল। এই উপনির্বাচনকে কেন্দ্র করে তিনি আবার সক্রিয় হয়েছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে৷
মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তিনি এখানকার ভোটার নন৷ তবে কয়েক দিন এই নির্বাচনী এলাকায় গেছেন এবং আত্মীয়স্বজনের সঙ্গে ভোট নিয়ে আলাপ করেছেন৷ এ কারণে হয়তো নাম এসে থাকতে পারে। তিনি বলেন, ভোটের দিন তিনি এলাকায় যাবেন না। বাসাতেই থাকবেন।
এই তালিকা অনুযায়ী, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল (হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি), ট্রাক শ্রমিকনেতা হাজি রিপন (চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত, তাঁর ছেলে ত্বকী হত্যা মামলার আসামি) এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম ওরফে সজল (হত্যা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী), জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (একাধিক মামলার আসামি) ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান ওরফে নিপু (পরিবহন চাঁদাবাজির অভিযোগ আছে) এ নির্বাচনে ‘বিপজ্জনক’৷
জানতে চাইলে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রথম আলোর কাছে দাবি করেন, ষড়যন্ত্র করে তালিকায় তাঁর নাম আনা হয়েছে৷ তিনি সেলিম ওসমানের পক্ষে নির্বাচন করছেন। তাঁদের প্রতিপক্ষের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। তাই তাঁর নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো কারণ নেই।
আর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম বলেন, ‘আমি কেন প্রভাব বিস্তার করতে যাব? আর প্রভাব বিস্তার করলেও তা বলব না৷ সময় হলেই সব দেখবেন৷’
গোয়েন্দা প্রতিবেদনে নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (বিএনপি সরকারের আমলেই চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন), সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ (হত্যা মামলার আসামি) ও নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টির নামও এসেছে৷
এঁরা বিএনিপ করলেও সেলিম ওসমানের পক্ষে ভোট করছেন বলে স্থানীয় সূত্রগুলো বলছে৷ জানতে চাইলে নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁর দল নির্বাচন বর্জন করেছে। তিনি কারও ভোট করছেন না৷ এখন তিনি বাসা থেকে বের হয়ে কেবল মসজিদে আর নারায়ণগঞ্জ ক্লাবে যান৷ আর কোথাও যান না৷
এ নির্বাচনে বিপজ্জনক ব্যক্তি হিসেবে গোয়েন্দা প্রতিবেদনে আরও যাঁদের নাম এসেছে তাঁরা হলেন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান (মুন্না); ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন; ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ‘কিলার’ সেন্টু, গোয়াইরা আরিফ, মিঠু, সুহিন; বন্দর রাজবাড়ী এলাকার সুজন মোল্লা; বি এম স্কুল এলাকার জাকির, চুন্নু শীল; বন্দর পুলিশ ফাঁড়ি এলাকার কাজী শাহীন; বন্দর গার্লস স্কুল এলাকার সুকোল; ২২ নম্বর ওয়ার্ডের কাজী জহির, কাজী শহীদ, খান মাসুদ, পাকিস্তানি বাবু; ২৩ নম্বর ওয়ার্ডের ‘তহশীলদার’ কামাল, হুমায়ুন মৃধা; ২৪ নম্বর ওয়ার্ডের মাহবুব সিকদার, বাসেত; ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সানাউল্লাহ (সানু), আজিজুল ওরফে আইজ্যা; ১৯ নম্বর ওয়ার্ডের সুমন ওরফে কুত্তা সুমন, শিশির, নূর ইসলাম চৌধুরী ও শরীফ।
এ ছাড়া এখানকার বাসিন্দা ও সিআইডির উপপরিদর্শক মহিউদ্দিনের নামও এই তালিকায় রয়েছে৷ তিনি সেলিম ওসমানের পক্ষে এলাকায় প্রচারণায়ও চালিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরে চিঠিও দিয়েছেন৷
তালিকাভুক্ত এসব ব্যক্তির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে নজরদারি শুরু করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে৷
জানতে চাইলে র্যাব-১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ খান প্রথম আলোকে বলেন, এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পাশাপাশি র৵াবের সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করবেন৷ নির্বাচনে কোনো ধরনের অনিয়মের চেষ্টা যে-ই করুক না কেন, তা প্রতিহত করা হবে। চিহ্নিত সন্ত্রাসীদের ওপরও নজরদারি থাকবে।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা চেয়েছেন এই উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। একইভাবে এই নির্বাচনকে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিজ নিজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ চেয়েছে বলে জানা গেছে৷
কেন ঊর্ধ্বতনদের পরামর্শ দরকার—এ বিষয়ে জানতে চাইলে মাঠপর্যায়ের একজন নির্বাচন কর্মকর্তা ও র্যাব-পুলিশের চারজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, নির্বাচনের গতিপ্রকৃতি কী হবে, তা সব সময় ঊর্ধ্বতনেরাই ঠিক করেন। আর, এবার যেহেতু ওসমান পরিবারের সদস্য ভোট করছেন, তাই এই নির্বাচন নিয়ে সরকারের মনোভাব জানতে ঊর্ধ্বতনদের দিকনির্দেশনা জানতে চাওয়া হয়েছে৷
অবশ্য এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।