৩৬ মামলার ১৬টিতেই খালাস, সাজা একটিতে, বিচারাধীন ১৯ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা মামলায় খালাস পেয়ে আদালত থেকে বেরিয়ে আসছেন নাছির উদ্দিন l প্রথম আলো
হত্যা মামলায় খালাস পেয়ে আদালত থেকে বেরিয়ে আসছেন নাছির উদ্দিন l প্রথম আলো

আরও একটি হত্যা মামলায় বেকসুর খালাস পেলেন শিবির ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় নাছিরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ রায় এ ঘোষণা করেন।
মামলার বাদী ও জমিরের বড় ভাই আজিজ উদ্দিন রায় ঘোষণার পর বলেন, ‘২০ বছর অপেক্ষার পরও ভাই হত্যার বিচার পেলাম না। আসামিদের ভয়ে সাক্ষীরা আদালতে মুখ খোলেনি।’ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, এই মামলায় বাদী ছাড়া কোনো সাক্ষী ঘটনা সম্পর্কে আদালতে সাক্ষ্য দেননি। সাক্ষীরা মুখ না খোলায় অপরাধ প্রমাণ করা যায়নি।
১৯৯৪ সালের ২০ নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আজিজ উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। খালাস পাওয়া বাকি আসামিরা হলেন শওকত হোসেন, হারুন অর রশিদ, আহসানুল আজাদ, মো. শাহাবুদ্দীন, মো. কুদ্দুস, নুরুল ইসলাম, মো. ইবরাহীম, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল মান্নান ও কাজী ওসমান গণি। অন্য দুই আসামি মো. এয়াকুব ও হুমায়ুন কবির ২০০৪ সালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া জানান, ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন নাছির। কোনো মামলায় সাজা পরোয়ানা না আসায় তাঁকে কয়েদির পোশাক পরানো হয়নি। তিনি কারাগারে হাজতি হিসেবে রয়েছেন।
এর আগে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী ও হাটহাজারীর তিন খুনের মামলায় খালাস পান নাছির। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ জানান, নাছিরের বিরুদ্ধে করা মামলায় অপরাধ প্রমাণ করতে না পারা দুঃখজনক। পুলিশ ও রাষ্ট্রপক্ষের গাফিলতিতে এটি হতে পারে। তাঁর বিচার না হলে অন্য সন্ত্রাসীরা উৎসাহিত হবে।
নাছিরের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টিতে খালাস পেয়েছেন। বিচারাধীন রয়েছে ১৯ মামলা। সাজা হয়েছে একটি মামলায়। তাঁর আইনজীবী মনজুর আহমেদ আনসারী দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে নাছিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাই খালাস পাচ্ছেন তিনি।
আদালত সূত্র জানায়, অস্ত্র মামলায় ২০০৮ সালে আদালত নাছিরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। মামলার সরকারি কৌঁসুলি ছিলেন আহসানুল হক হেনা। তিনি জানান, নাছিরকে অবৈধ অস্ত্র রাখায় ১০ বছর ও গুলি রাখায় ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে দুটি সাজা একসঙ্গে চলায় তাঁর ১০ বছর কারাদণ্ড হয়। রায়ে হাজতকালীন সময় সাজা হিসেবে গণ্য হবে উল্লেখ ছিল। ১৯৯৮ সাল থেকে কারাগারে থাকায় এ মামলায় নাছিরের সাজা ভোগ হয়ে যায়।