৩৬ মিলিমিটার বৃষ্টিতেই মিরপুরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় মিরপুর এলাকার নানা স্থান। গতকাল দুপুরে বৃ​ষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয় রাস্তায়। ছবিটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে বেলা তিনটার দিকে তোলা l প্রথম আলো
অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় মিরপুর এলাকার নানা স্থান। গতকাল দুপুরে বৃ​ষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয় রাস্তায়। ছবিটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে বেলা তিনটার দিকে তোলা l প্রথম আলো

গতকাল দুপুরের ৩৬ মিলিমিটার বৃষ্টিতে মিরপুরসহ আশপাশের এলাকা তলিয়ে যায়। প্রচণ্ড গরমে এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিলেও জলাবদ্ধতা পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়। এর মধ্যে দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে বৃষ্টি হয় ৩৬ মিলিমিটার। ওই বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। অধিদপ্তর থেকে জানানো হয়, বৃষ্টিপাত রেকর্ড করা হয় আগারগাঁও এলাকায়।
বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর গোলচক্কর ও আশপাশের এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে রিকশা ও রিকশাভ্যানের চাকা পর্যন্ত ডুবে যায়। ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশার ভেতরে পানি ঢুকে যায়। সাইলেন্সরে পানি ঢুকে পড়ায় অনেক গাড়ি বিকলও হয়ে যায়।
মিরপুর ১৪ নম্বর সেকশনের বাসিন্দা রাতুল দেবনাথ প্রথম আলোকে জানায়, ১৩ নম্বর সেকশনে অবস্থিত বনফুল আদিবাসী কলেজ অ্যান্ড স্কুলে ক্লাস করতে গিয়ে সে এবং তার সহপাঠীরা আটকা পড়ে। বেলা দুইটার দিকে তাদের স্কুলের সামনে ছিল হাঁটুর ওপরে পানি। রাতুলের মা জানান, ছেলের সঙ্গে ছাতা ছিল না। স্কুল থেকে ফেরার জন্য কোনো রিকশাও আসতে রাজি হয়নি। যেখানে দুইটার মধ্যে স্কুল ছুটি হওয়ার কথা, সেখানে রাতুল ঘরে ফেরে পৌনে চারটার দিকে। তার জামাকাপড় সম্পূর্ণ ভিজে যায়।
বৃষ্টিতে প্রগতি সরণি, শাহজাদপুর, উত্তর বাড্ডা এলাকায়ও পানি জমে। এতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। শাহজাদপুরে রাস্তা অনেক দিন ধরে রয়েছে খোঁড়া অবস্থায়। পানি জমে থাকার কারণে গতকাল সেখানে গাড়ি উল্টে পড়ার ঘটনাও ঘটে। বসুন্ধরায় নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে ফিরতে গিয়ে জলাবদ্ধতার বিপাকে পড়েন বলে জানিয়েছেন বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সামারা। তিনি জানান, বেলা সোয়া একটার দিকে প্রগতি সরণি এলাকায় জলাবদ্ধতায় তাঁদের গাড়ি যানজটে পড়ে। পরে শাহজাদপুর, বাড্ডা পেরোতে প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।
ঢাকায় বৃষ্টি হলে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় শান্তিনগর, রাজারবাগসহ আশপাশের এলাকায়। কিন্তু গতকাল মিরপুর, প্রগতি সরণিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও মধ্য ঢাকায় বৃষ্টি হয়েছে খুবই কম।
ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ থেকে বলা হয়, জলাবদ্ধতা সৃষ্টির পর মিরপুরসহ বিভিন্ন স্থানে পানিনিষ্কাশনের জন্য তাদের কর্মীদের রাস্তায় নামানো হয়। বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনাও খুলে দেওয়া হয়।