৩৬ লাখ টাকা নিয়ে চালক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত লোহা বিক্রির ভুয়া কার্যাদেশ দেখিয়ে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার বড় মগবাজারের প্রতিষ্ঠান মেসার্স স্টিলটাচের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এনামুল ওই খনি থেকে কয়লা উত্তোলনে নিয়োজিত চীনাদের গাড়িচালক ছিলেন। তিনি ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ি গ্রামের মৃত গোলাম রসুল মিস্ত্রির ছেলে। এ ঘটনায় প্রতারণার শিকার ওই প্রতিষ্ঠানের অংশীদার ওবায়দুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী থানায় মামলা করেছেন। বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইনিং) হাবিব উদ্দিন জানান, খনির পরিত্যক্ত কোনো লোহা বিক্রি করা হয় না।মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি এনামুলের মালিকানাধীন নাজমা কনস্ট্রাকশনের নামে খনির ১৮ কোটি টাকা মূল্যের ২০ হাজার মেট্রিক টন লোহার পরিত্যক্ত যন্ত্রাংশের একটি ভুয়া কার্যাদেশ তৈরি করা হয়। ওবায়দুল হক জানান, এনামুল ২০ হাজার মেট্রিক টন লোহার পরিত্যক্ত যন্ত্রাংশ বরাদ্দ পাওয়ার কথা জানিয়ে সেগুলো তাঁদের কাছে বিক্রির প্রস্তাব দেন। প্রতি কেজি লোহার দাম ৩৪ টাকা নির্ধারণ করে ৫০ লাখ টাকা অগ্রিম দেওয়ার কথা হয়। এনামুলকে নগদ তিন লাখ টাকা দেওয়া হয়। ৪৯ লাখ টাকা জানুয়ারি মাসে তিন কিস্তিতে অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখায় এনামুলের প্রতিষ্ঠানের হিসাব নম্বরে (চলতি ২৭৮১) জমা দেওয়া হয়।মেসার্স স্টিলটাচের প্রতিনিধি গফুর হোসেন বলেন, ‘শর্ত অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি থেকে মালামাল সরবরাহ দেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাত শুনে তিনবার ফিরে গেছি। এরপর ২৫ ফেব্রুয়ারি মালামাল দেওয়ার কথা ছিল। ওই দিন দুপুরের হঠাৎ করে সে আত্মগোপন করে। তার মুঠোফোন বন্ধ; কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাংকের ওই হিসাবে ১৬ লাখ টাকা আছে। বাকি টাকা সে তুলে নিয়ে গেছে।’এনামুলের মা আছিয়া বেওয়া বলেন, ‘এনামুল ওর স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় যেন যেতে চেয়েছিল। তিন দিন হয়ে গেল ওর খোঁজ পাচ্ছি না।’ ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হরিদাস মহন্ত জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। রহস্য বের করার চেষ্টা চলছে।