৩৬ শতাংশ জন্মনিবন্ধন বাকি মৃত্যুর পরিসংখ্যানই নেই
দেশের ৩৬ শতাংশ মানুষ জন্মনিবন্ধনের বাইরে থেকে গেছে। মৃত্যুনিবন্ধনের কোনো পরিসংখ্যান নেই। এই পরিস্থিতিতে শেষ হচ্ছে সরকারের জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) কাজ। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাকক্ষে আয়োজিত সভায় প্রকল্প পরিচালক এ তথ্য দেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও ডিআরইউ যৌথভাবে এই সভার আয়োজন করে। প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন বিধিমালার অধীনে ২০০৪ সালে শুরু হওয়া প্রকল্প শেষ হচ্ছে এই জুনে। তিনি জানান, ৯৪ শতাংশ নিবন্ধন ফরম পূরণ হয়েছে। কিন্তু জন্মনিবন্ধনের সনদ দেওয়া সম্ভব হয়েছে ৬৪ শতাংশ মানুষকে। মূল প্রতিবেদন উপস্থাপনায় প্রকল্প পরিচালক বলেন, রাষ্ট্রের বিশেষ কিছু (১৬টি) সেবা পাওয়ার ক্ষেত্রে জন্মসনদ কাজে লাগবে। আর মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে মৃত্যুসনদ দরকার। উপস্থাপনায় বলা হয়, ৩৮ জেলায় শতভাগ জন্মনিবন্ধন ফরম পূরণ হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ও দেশের ছিটমহলগুলোর মতো দুর্গম অঞ্চল রয়েছে। সবচেয়ে কম নিবন্ধন ফরম পূরণ হয়েছে রাজধানী ঢাকায়, মাত্র ১০ থেকে ২০ শতাংশ। এ ছাড়া আটটি জেলায় ৯০ শতাংশের ওপর, ১২ জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ জন্মনিবন্ধন ফরম পূরণ সম্ভব হয়েছে। প্রকল্প পরিচালক জানান, এ পর্যন্ত আটটি জেলায় শতভাগ সনদ বিতরণ সম্ভব হয়েছে। জেলাগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, রংপুর, মাগুরা, নীলফামারী, শরীয়তপুর, খাগড়াছড়ি ও নড়াইল। এই আলোচনা সভা আয়োজন করা হয় মূলত সাংবাদিকদের জন্য। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উপস্থাপিত পরিসংখ্যান স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি। তবে মাঠপর্যায়ের কাজ দেখার জন্য প্রকল্পে কোনো পর্যবেক্ষণ ব্যবস্থা নেই। সাংবাদিকেরা তাঁর কাছে রাজধানীতে নিবন্ধন কম হওয়ার কারণ জানতে চান। উত্তরে পরিচালক বলেন, রাজধানীর অনেকে গ্রামের বাড়িতে নিবন্ধন করিয়েছেন। প্রাপ্তবয়স্ক যাঁদের এখনো জন্মনিবন্ধন করানো হয়নি, তাঁদের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার নিবন্ধনে উল্লেখকৃত জন্মসময় ধরে নিবন্ধন করানোর পরামর্শ দেওয়া হয় সভার পক্ষ থেকে।