৩৬ শিক্ষাপ্রতিষ্ঠান এখনো মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচংয়ের ফকিরবাজার বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসটি গত ৪ জানুয়ারি পুড়িয়ে দেওয়া হয়। সরকারি বরাদ্দ না আসায় এখন পর্যন্ত ছাত্রাবাসটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। বিরানভূমিতে পরিণত হওয়া ছাত্রাবাসের জমিতে আগাছা গজাচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার বুড়িচংয়ের ফকিরবাজার বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসটি গত ৪ জানুয়ারি পুড়িয়ে দেওয়া হয়। সরকারি বরাদ্দ না আসায় এখন পর্যন্ত ছাত্রাবাসটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। বিরানভূমিতে পরিণত হওয়া ছাত্রাবাসের জমিতে আগাছা গজাচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

একতরফা নির্বাচন ঠেকাতে গত ৫ জানুয়ারি ভোটকেন্দ্র করা হয়েছে এমন ১১১টি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছিল। এর মধ্যে সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করা হয়েছে। কিছু প্রতিষ্ঠান নিজ খরচে ক্ষতিগ্রস্ত কক্ষ ও আসবাবপত্র মেরামত করেছে। তবে বরাদ্দ না পাওয়ায় এখনো কমপক্ষে ৩৬টি প্রতিষ্ঠানের মেরামত করা সম্ভব হয়নি। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।
সরেজমিন খোঁজ নিয়ে ঢাকার বাইরে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, ৫ জানুয়ারি নির্বাচনের দিন ও আগের রাতে জামায়াত-শিবির গাইবান্ধার পাঁচটি উপজেলার ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২৬টি এবং সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৩টি। ১৩ ফেব্রুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) রায়হান বাদশা ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দেন। চিঠিতে নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেরামত কাজের প্রাক্কলন চাওয়া হয়। ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অধিদপ্তরে পাঠান। এ নিয়ে ১৫ মার্চ প্রথম আলোয় ‘দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সহিংসতা: ক্ষতিগ্রস্ত না হয়েও অনুদানের তালিকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত হয়। তদন্তে আলামত না পাওয়ায় ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নাম বাদ দিয়ে পুনরায় ২০টির তালিকা পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
৩ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের দুটি কক্ষের দরজা-জানালা পুড়িয়ে দেয়। তবে সরকারি অনুদান না পাওয়ায় এখন পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো মেরামত করতে পারেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের পর আমরা বহুবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা কোনো অনুদান পাননি বলে জানিয়েছেন। নিজস্ব অর্থ সংকটের কারণে তা মেরামত করা যায়নি।’
৩ জানুয়ারি রাতে সুনামগঞ্জের তিনটি উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ওই সব বিদ্যালয়ে ৫ জানুয়ারি ভোট নেওয়া হয়। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্টদের লিখিতভাবে জানালেও এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। দোয়ারাবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভা রানী কর জানান, ক্ষতির পরিমাণ উল্লেখ করে লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, ‘রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছিলাম। কিন্তু এখনো বরাদ্দ আসেনি।’
ছাতক উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারুকা দাখিল মাদ্রাসা, নোয়ারাই ইউনিয়নের আজমত আলী উচ্চবিদ্যালয় ও রইছ আলী উচ্চবিদ্যালয়ের আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ধরমপাশার সরিশামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গলগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ধরমপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী বলেন, তাঁদের উপজেলায় তিনটি বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তেমন কোনো ক্ষতি হয়নি। তার পরও সংস্কারের জন্য কিছু বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি। জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, আগুনে কিছু প্রতিষ্ঠানের বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো প্রতিষ্ঠানের ভবনেরও ক্ষতি হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য কোনো বরাদ্দ আসেনি।
৪ জানুয়ারি রাতে একযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাটরা, বড় চাঁদপুর, ভাউপুর, নিশ্চিন্তপুর, কান্দিরপাড়, ভোগই উত্তর, ভোগই দক্ষিণ, বিনয়ঘর, ফেনুয়া ও কাঁন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিদ্যালয়ের আসবাবপত্রসহ অন্যান্য মালামালের ক্ষতি হয়। এর মধ্যে তিন মাস আগে বড় চাঁদপুর, কান্দিরপাড়, ভোগই দক্ষিণ, ফেনুয়া ও নিশ্চিন্তপুর বিদ্যালয়ে সংস্কার ও মেরামতকাজ হয়েছে। তবে অন্য ছয়টি বিদ্যালয় এখনো ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। বরাদ্দ না আসায় এসব প্রতিষ্ঠানের মেরামতকাজ করা যায়নি।
মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মণ্ডল বলেন, ১১টি বিদ্যালয়ের মধ্যে পাঁচটি বিদ্যালয়ের আসবাবপত্র ও সংস্কারকাজ হয়েছে। অন্য ছয়টি বিদ্যালয়ের জন্য কোনো ধরনের বরাদ্দ পাওয়া যায়নি। কুমিল্লার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
একই রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রাবাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে ৫০ হাত লম্বা ও ২০ হাত চওড়া টিনশেডের ঘরটি পুড়ে যায়। সরেজমিনে দেখা গেছে, ছাত্রাবাসটি বিরানভূমিতে পরিণত হয়েছে। অধ্যক্ষ মো. শাহজালাল বলেন, সাত লাখ টাকার বরাদ্দ আসার কথা। কিন্তু এখনো পাওয়া যায়নি।