৩৬টি কেন্দ্রের ২০টি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের টেকনাফের চারটিতে আজ মঙ্গলবার ভোট। চারটি ইউপির ৩৬ ভোটকেন্দ্রের মধ্যে ২০টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ-প্রশাসন। তবে বিএনপি, আওয়ামী লীগ বিদ্রোহী, জাতীয় পার্টির ও স্বতন্ত্র প্রার্থীরা সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন।
বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) সূত্রে জানা গেছে, সব কটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠানো, প্রতিটি কেন্দ্রে নির্বাহী হাকিম নিয়োগ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও আনসার মোতায়েনের জন্য জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন টেকনাফ সদরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, সাবরাংয়ের সোলতান আহমদ, বাহারছড়ায় মো. সিকান্দর ও সেন্ট মার্টিনের আবদুর রহমান। এ বিষয়ে বিএনপির চার ইউপির চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্থানীয় প্রশাসনকে সব ধরনের প্রস্তুতির জন্য অনুরোধ জানানো হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন ২৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ২০টি কেন্দ্রে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন অস্ত্রধারী পুলিশ, সাধারণ ভোটকেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচজন অস্ত্রধারী পুলিশ, প্রতিটি কেন্দ্রে ১৭ জন লাঠিবাহী ও পাঁচজন অস্ত্রধারী আনসার মোতায়েন করা হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ পুলিশ দলে একজন এসআইয়ের নেতৃত্বে ১০ জনের দাঙ্গা প্রতিরোধ দল, র্যাবের ছয়টি ইউনিট, চার প্লাটুন বিজিবি ও সেন্ট মার্টিনে এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হবে।
ইউপি নির্বাচনে সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল বলেন, ৩৬টি কেন্দ্রের ২৪৭টি কক্ষে ভোট গ্রহণ হবে। এসব কেন্দ্রে চারজন নির্বাহী হাকিম ও উপজেলা পরিষদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।