৩৬টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আলাউদ্দিন মৃধার বাগানের ৩৬টি মেহগনি ও লম্বোগাছ গত বৃহস্পতি রাতে দুর্বৃত্তরা কেটে ফেলেছে।গোয়ালন্দ প্রোপার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন মৃধা বলেন, ‘গত শুক্রবার সকালে বাড়ির পেছনে বাগানে গিয়ে দেখি, আমার মেহগনি ও উন্নত প্রজাতির লম্বোগাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। ২০০৫ সালে ২২ শতাংশ জমিতে বিভিন্ন স্থান থেকে ৭০ থেকে ৮০ টাকা করে ৪০টি চারাগাছ কিনে বাগানে লাগিয়েছি। যত্ন করে সার-পানি দিয়ে গাছগুলো বড় করা হয়েছে। এর মধ্যে ৩৬টি গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। কিন্তু আমার এমন কোনো শত্রু নেই, যারা এত বড় ক্ষতি করতে পারে। শুক্রবার বিকেলে এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কেটে ফেলা গাছগুলো বাগানেই পড়ে আছে। প্রতিটি গাছ প্রায় ১২ থেকে ১৪ ফুট লম্বা এবং এগুলো মাঝামাঝি স্থান থেকে কাটা হয়েছে।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, গাছকাটার বিষয়ে থানায় সাধারণ ডায়েরির পর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।