৩৬টি দপ্তরি পদে নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৩৬টি দপ্তরি কাম নৈশপ্রহরী পদের নিয়োগ স্থগিত করা হয়েছে। যেসব বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে সেসব ফলাফলও স্থগিত রাখা হয়েছে। নিয়োগ বোর্ডের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠায় এ নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

গত শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন এক নির্দেশে এ পরীক্ষার ফলাফল ও যেসব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি সেগুলোর নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করেন।

জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। চাকরি পাইয়ে দেওয়ার নামে নিয়োগ বোর্ডের কেউ কেউ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বচ্ছতার ভিত্তিতে বিধি মোতাবেক পরীক্ষা গ্রহণ করে এসব নিয়োগ বাস্তবায়ন করা হবে—এ জন্য আশাশুনি নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দপ্তরি কাম নৈশপ্রহরী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বলা হয়েছে।

আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দপ্তর সূত্রে জানা যায়, ছয় সদস্যের নিয়োগ বোর্ডের প্রধান ইউএনও সুষমা সুলতানা ও সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শামসুন্নাহার খাতুন। এ ছাড়া স্থানীয় সাংসদ আ ফ ম রুহুল হকের প্রতিনিধি শম্ভুজিত মণ্ডল ও আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের প্রতিনিধি বুদ্ধদেব সরকার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নিয়োগ কমিটির সদস্য।

আশাশুনির ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ নিয়ে ‘আড়াই কোটি টাকার দুর্নীতি’ শীর্ষক একটি খবর কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত খবরে বলা হয়, নিয়োগসংক্রান্ত ছয় সদস্যের কমিটির কোনো কোনো সদস্য প্রার্থীদের কাছ থেকে ছয় থেকে আট লাখ টাকা নিয়ে তাঁদের নিয়োগ নিশ্চিত করেছেন। এই হিসাবে তাঁরা দুর্নীতির মাধ্যমে কম-বেশি আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ খবর পেয়ে অনেক প্রার্থী নিয়োগ পরীক্ষায় হাজির না হয়ে হতাশ হয়ে ফিরে আসেন। উপজেলার হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদের প্রার্থী তৌহিদুল ইসলামসহ দুজন প্রার্থী সংবাদ সম্মেলন করেন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে প্রতিকার দাবি করেন।

মোছা. শামসুন্নাহার খাতুন জানান, ৩৬টি দপ্তরি কাম নৈশপ্রহরী পদের নিয়োগের জন্য গত বুধবার নয়টি ও বৃহস্পতিবার ১০টি বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বুধবারের পরীক্ষায় আশাশুনি উত্তর চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীর পদে পরীক্ষায় একজন করে প্রার্থী হাজির হন। তা নিয়ে নানা প্রশ্নের জন্ম হয়। বাকি ১৭টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুক্রবারে। জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তা স্থগিত করেছেন। আর যেসব পরীক্ষা হয়েছে তার ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান ইউএনও সুষমা সুলতানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুরো নিয়োগ-প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। বিভিন্ন অভিযোগ ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখে পরবর্তী নির্দেশনা দেবেন।