৩৬তম বিসিএস: নন-ক্যাডারে সুপারিশবঞ্চিতদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির যেকোনো পদে সুপারিশ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি প্রথম আলো
ফাইল ছবি প্রথম আলো

৩৬তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশবঞ্চিতরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির যেকোনো পদে সুপারিশের দাবি জানিয়েছেন। আগামী ১০ মের মধ্যে দাবি না মানা হলে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে প্রায় ২৯ মাস পর ৩৬তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। নন-ক্যাডারে আবেদন করা প্রার্থীদের সুপারিশের জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে চাহিদা দিতে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনেক মন্ত্রণালয় পদ শূন্য থাকার পরেও পিএসসিতে চাহিদা পাঠায়নি। আবার ৩৬তম বিসিএসের জন্য বরাদ্দ করা পদেও পিএসসি সুপারিশ করেনি।

গত বছরের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। মোট উত্তীর্ণ হন ৫ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। নন-ক্যাডার তালিকায় থাকাদের মধ্যে ২ হাজার ৭০০ জন পিএসসিতে চাকরির জন্য আবেদন করেন। পিএসসি গত মার্চ মাসে ৩৬তম বিসিএসের নন-ক্যাডারে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) নিয়োগের সুপারিশ করে দুটি তালিকা প্রকাশ করে। দুই তালিকায় ১ হাজার ২৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশবঞ্চিত থেকে যান ১ হাজার ৪৩১ জন প্রার্থী।

সুপারিশবঞ্চিত প্রার্থীরা নানাভাবে তাঁদের দাবি তুলে ধরার চেষ্টা করছেন। পিএসসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন। একাধিক সচিবের দপ্তরেও স্মারকলিপি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নন-ক্যাডারে আবেদন করাদের নিয়োগের সুপারিশের দাবিতে প্রার্থীরা শনিবার সংবাদ সম্মেলন করেন।

সুপারিশবঞ্চিত প্রার্থীদের পক্ষে মো. জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য ৪ হাজার ৩২০টি পদের চাহিদা পিএসসিতে এসেছিল। পিএসসি মাত্র ৩০৩ জনকে সুপারিশ করেছে। যোগ্য প্রার্থী থাকার পরেও বিভিন্ন কোটার কারণে বাকি পদগুলো সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদগুলো উপজেলাভিত্তিক। উপজেলায় থাকা শূন্য পদের বিপরীতে সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীকে সুপারিশ করার নিয়ম। এ ছাড়া বিভিন্ন কোটা রয়েছে। এসব কারণে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে মাত্র ৩০৩ জনকে সুপারিশ করা সম্ভব হয়েছে। ৩৬তম বিসিএস থেকে সুপারিশের আর কোনো তালিকা প্রকাশের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।