৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল শিগগিরই
৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল শিগগিরই বের হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, পিএসসি এই ফলাফল তৈরির জন্য এখন পুরোদমে কাজ করে যাচ্ছে। গতকাল রোববার পিএসসি কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মোহাম্মদ সাদিক এসব কথা বলেন।
পিএসসির চেয়ারম্যান বলেন, ‘আমরা এখন তিনটি পরীক্ষা নিয়ে কাজ করছি। ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল তৈরি, ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ এবং ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা। একসঙ্গে এত পরীক্ষা নিয়ে কাজ করতে গিয়ে প্রতিটির কার্যক্রম কিছুটা দেরি হচ্ছে।’
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাদিক বলেন, কাছাকাছি সময়ের মধ্যে এই পরীক্ষারও তারিখ চূড়ান্ত করা হবে।
মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৮তম বিসিএস পরীক্ষা অক্টোবরের শেষে নিতে চেয়েছিলাম। কিন্তু এই বিসিএসে প্রায় সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন। তাই এই বিপুলসংখ্যক ছেলেমেয়ের পরীক্ষা নেওয়ার স্থান, প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানোসহ সব মিলে বিশাল এক কর্মযজ্ঞ করতে হবে আমাদের। এ জন্য এই পরীক্ষা নিতে কিছুটা দেরি হতে পারে।’
পিএসসি সূত্র জানায়, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৫ হাজার ৯৯০ জন। তাঁরা মৌখিক পরীক্ষা দেওয়া শুরু করেন ১২ মার্চ থেকে। তা শেষ হয় ৭ জুন।