৩৬০ শিক্ষার্থীর জন্য শিক্ষক একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ভবনে শ্রেণিকক্ষ আছে পাঁচটি। তিনটি শ্রেণিকক্ষে চলছে পাঠদান। কিন্তু শিক্ষক একজনই। তিনি একটি কক্ষে কিছুক্ষণ পড়াচ্ছেন, তারপর যাচ্ছেন আরেক কক্ষে।

সম্প্রতি জামালপুরের ইসলামপুর উপজেলার কাঠমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ চিত্র দেখা যায়। ৩৬০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে এখন শিক্ষক বলতে আছেন ওই একজন। তাঁর নাম মাহমুদা সিদ্দিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মাহমুদা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘সকালবেলা সব শ্রেণিকক্ষের তালা খোলা থেকে শুরু করে দাপ্তরিক কাজ ও পাঠদান সবই আমার একার হাতে চলছে। ৩৬০ জন শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে দুষ্কর হয়ে পড়েছে।’

গত ৯ জানুয়ারি সরেজমিনেদেখা যায়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে একই সময়ে পাঠদান শুরু হওয়ায় মুশকিলে আছেন শিক্ষক মাহমুদা। একটি কক্ষ ছেড়ে চলে আসামাত্রই শিক্ষার্থীরা হইহুল্লোড় শুরু করে দিচ্ছে। বাধ্য হয়ে সেখানে ফিরে আসতে হচ্ছে।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৩ সালে উপজেলার কাঠমা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে কাঠমা ছাড়াও মাইজবাড়ি, টগা ও কাজলা গ্রামের অনেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে চারটি। ২০১৫ সালের ডিসেম্বরে প্রধান শিক্ষক কেরামত আলী, ২০১৬ সালের জুনে সহকারী শিক্ষক মো. তোজাম্মেল হক এবং ২০১৬ সালের ডিসেম্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান অবসরে যান। এরপর থেকে বিদ্যালয়টি একাই চালাচ্ছেন সহকারী শিক্ষক মাহমুদা সিদ্দিকা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম বলে, দিনে তাদের পুরোপুরি একটিও ক্লাস হয় না। আবার একজন শিক্ষককেই বাংলা, ইংরেজি, গণিতসহ সব বিষয় পড়াতে হচ্ছে। ফলে লেখাপড়ায় পিছিয়ে যাচ্ছে তারা।

এদিকে দাপ্তরিক কাজে মাঝেমধ্যেই মাহমুদাকে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যেতে হয়। তখন স্কুলের পুরো কার্যক্রমই বন্ধ থাকে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ চান মিয়া বলেন, যমুনা নদীর ভাঙনকবলিত এলাকার ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে।

শিক্ষক-সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। বিষয়টি উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা ‘দিই-দিচ্ছির’ মধ্যেই রয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমি এ উপজেলায় কিছুদিন আগে এসেছি। ওই বিদ্যালয়ে শিক্ষক-সংকটের বিষয়টি শুনেই একজনকে দেওয়ার ব্যবস্থা করেছি। কয়েক দিনের মধ্যেই তিনি যোগদান করবেন। বাকি পদগুলোও দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে।’