ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। ঝড়–বৃষ্টি–অগ্নিকাণ্ড—সব পরিস্থিতিতে এখানে রোগী ভর্তি হয়। রোগীর কাছে অর্থ বা হাসপাতালে শয্যা নেই বলে ঢাকা মেডিকেল কাউকে বিনা চিকিৎসায় ফেরত পাঠায় না। অনেকে সমস্যায় পড়লে শুরুতেই ঢাকা মেডিকেল বেছে নেন। অনেকে অনেক হাসপাতাল ঘুরে শেষ আশ্রয়স্থল হিসেবে এই হাসপাতালে চলে আসেন। কোথাও না হোক, ঢাকা মেডিকেলে ঠিকই চিকিৎসা পাওয়া যাবে—এই আস্থা দেশের মানুষের মধ্যে গড়ে উঠেছে।
যাঁরা চিকিৎসক হতে চান, তাঁরা ঢাকা মেডিকেল কলেজেই পড়তে চান। যাঁরা এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছেন অথচ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার মতো যোগ্যতা দেখাতে পারেননি, তাঁরা এই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চান। সে সুযোগ না পেলে এখানে কোনো না কোনো প্রশিক্ষণ নিতে চান। অনেকের কাছে এটা স্বপ্নের বিদ্যাপীঠ।
১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে চলেছে ঢাকা মেডিকেল। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ–আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধে এই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা অনন্য অবদান রেখেছেন। স্বাধীন বাংলাদেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সামনের কাতারে থেকেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সেবা, শিক্ষা ও রাজনীতির এমন মেলবন্ধন দেশের কম প্রতিষ্ঠানেই দেখা যায়। অনেক সীমাবদ্ধতা থাকার পরও স্বাধীন বাংলাদেশে ঢাকা মেডিকেল অনুকরণীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. টিটো মিঞা প্রথম আলোকে বলেন, ‘একাডেমিক প্রতিষ্ঠান হওয়ায় এখানকার চিকিৎসকদের হালনাগাদ জ্ঞানের ও দক্ষতার সুবিধা পান রোগীরা। প্রতিষ্ঠানে নতুন নতুন বিভাগ খোলা হচ্ছে। সেবা, শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানো হচ্ছে। আশা করা যায়, ঢাকা মেডিকেল আরও বহুকাল শীর্ষ প্রতিষ্ঠান হয়েই থাকবে।’
আস্থার হাসপাতাল
করোনার কারণে দেশের অন্যান্য হাসপাতালের মতো ঢাকা মেডিকেলের সেবাতেও ব্যাঘাত ঘটেছে। মহামারি শুরুর আগে শয্যার চেয়ে সব সময়ই রোগী ভর্তি থেকেছে বেশি। ওয়ার্ডের মেঝেতে, সিঁড়ির নিচে বা বারান্দায় শয্যা পেতে চিকিৎসা চলে। প্রতি শয্যার পাশে থালা–ঘটি–বাটি–বালতি। থাকে বালিশ, ব্যাগ, কাঁথা–কম্বল, হাতপাখা। মনে হতে পারে শরণার্থীশিবির।
বর্তমানে ২ হাজার ৬০০ শয্যার হাসপাতালে বিভাগ আছে ৪৮টি। অধিকাংশ বিভাগে রয়েছে একাধিক ইউনিট। সব মিলিয়ে ইউনিটের সংখ্যা এক শর বেশি। প্রতিদিন ১৫০ থেকে ২০০টি বড়, ২০০ থেকে ৩০০ মাঝারি অস্ত্রোপচার হয়। সাধারণ সময়ের মতো করোনাকালেও প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সাধারণ প্রসবের পাশাপাশি অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়েছে নিয়মিত। বহির্বিভাগে দৈনিক চার হাজারের বেশি মানুষ চিকিৎসা নেয়। বছরে ২০ লাখের বেশি মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা পায়।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার, অনারারি মেডিকেল অফিসার, স্নাতকোত্তর চিকিৎসক, ওএসডি চিকিৎসক আছেন ২ হাজার ৭৫৮ জন। নার্স কাজ করেন ২ হাজার ৪৫৭ জন। এ ছাড়া কর্মকর্তা–কর্মচারী আছেন ৯৫১ জন।
ঢাকা মেডিকেল তৃতীয় স্তরের বিশেষায়িত হাসপাতাল। দেশের প্রায় সব উপজেলা ও জেলা হাসপাতাল থেকে জটিল রোগী এই হাসপাতালে রেফার করা হয়। এ ছাড়া রাজধানীর অনেক বিশেষায়িত হাসপাতাল গুরুতর কোনো রোগীর চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের স্থান হয় এখানে। অন্য কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল রোগনির্ণয়ে ব্যর্থ হলেও তা নির্ণয়ের অনেক নজির স্থাপন করেছে দেশের সবচেয়ে পুরোনো এই মেডিকেল কলেজ।
ঢাকা মেডিকেলের অনন্যতার অন্যতম কারণ তার জরুরি সেবা। সড়ক দুর্ঘটনা, বিষ খাওয়া, স্ট্রোকসহ যেকোনো জরুরি চিকিৎসার জন্য মানুষ ছোটে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা। দিন–রাত যেকোনো সময় চিকিৎসা দেওয়ার জন্য জরুরি বিভাগে চিকিৎসক ও নার্স উপস্থিত থাকেন। জরুরি বিভাগে দৈনিক গড়ে সাড়ে ৭০০ মানুষ সেবা নেন।
এ ছাড়া বড় কোনো দুর্ঘটনায় একসঙ্গে বহু মানুষকে জরুরি সেবা দেওয়ার সক্ষমতাও এই প্রতিষ্ঠানের আছে। অধ্যাপক মো. টিটো মিঞা বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় বা নিমতলীর অগ্নিকাণ্ডে আহত বহু মানুষ একসঙ্গে ঢাকা মেডিকেলে এসেছিল বা তাদের আনা হয়েছিল। এর কারণ মানুষের আস্থা।’
শিক্ষা ও গবেষণা
সকালে ঢাকা মেডিকেলের ওয়ার্ডগুলোতে সাদা পোশাকের চিকিৎসকদের জটলা দেখা যায়। একেকজন রোগীকে ঘিরে এই জটলা। এঁদের একজন শিক্ষক, অন্যরা শিক্ষার্থী। অধ্যাপক রোগীর অবস্থা বর্ণনা করেন, প্রশ্ন করেন। অন্যরা শোনেন বা উত্তর দেন। এটা বহু বছরের পুরোনো দৃশ্য।
হাতে–কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষাই ঢাকা মেডিকেল থেকে পাস করা চিকিৎসকদের অন্যদের থেকে আলাদা করে দেয়। তাই অন্য সরকারি ও বেসরকারি কলেজ থেকে পাস করা চিকিৎসকেরা এখানে প্রশিক্ষণ নিতে ভিড় করেন। এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অনেকের পছন্দের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল। কলেজ কর্তৃপক্ষ বলেছে, দেশে যত বিষয়ে বিশেষায়িত ইনস্টিটিউট আছে, তার প্রায় সব বিষয়ে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা এই প্রতিষ্ঠানে আছে।
চিকিৎসাসেবা ও শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানে নিয়মিত গবেষণা হয়। কিছু গবেষণা যৌথভাবে করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে। করোনার টিকার অ্যান্টিবডি নিয়ে করা গবেষণা মানুষের দৃষ্টি কেড়েছে। গবেষণার জন্য একটি কমিটি আছে। কন্ট্যাক্ট রিসার্চ অর্গানাইজেশন বা সিআরও হিসেবেও সরকারের অনুমোদন পেয়েছে তারা।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক এস এম মোস্তফা জামান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মেডিকেলের আছে এক গৌরবময় ঐতিহ্য। প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করার সুযোগ আছে।’