৩৬৫ দিনে কর্মস্থলে এসেছেন মাত্র দুদিন!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্তের বিরুদ্ধে মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে৷ গত এক বছরে তিনি মাত্র দুই দিন কর্মস্থলে এসেছেন বলে জানা গেছে৷ তবে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বেতন-ভাতা নিয়মিতই নিচ্ছেন৷ তাঁর অনুপস্থিতিতে দাপ্তরিক কার্যক্রমও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজ্জ্বল কুমার ২০১৩ সালের ২২ এপ্রিল ধরমপাশায় খাদ্যনিয়ন্ত্রক পদে যোগ দেন৷ দায়িত্ব নেওয়ার পর এক বছরে মাত্র দুদিন তিনি কর্মস্থলে এসেছেন৷ নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরে তিনি পরিবার নিয়ে বাস করছেন৷
সূত্রটি আরও জানায়, ধরমপাশায় চারটি খাদ্যগুদাম আছে৷ এখানে ২১ জন কর্মকর্তা-কমচারী কাজ করছেন৷ তাঁদের বেতন-ভাতা তোলাসহ দাপ্তরিক কোনো কাগজপত্রে খাদ্যনিয়ন্ত্রকের সই লাগলে নেত্রকোনায় লোক পাঠিয়ে তা নিতে হয়৷
গত মে ও জুনে উপজেলার ধান/চাল সংগ্রহ কমিটির দুটি সভা হয়৷ কিন্তু তিনি সদস্যসচিব হয়েও সেগুলোতে অনুপস্থিত ছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির কয়েকজন সদস্য বলেন৷ তা ছাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর উপজেলা সমন্বয় কমিটির চারটি সভা হয়েছে৷ উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা এ কমিটির সদস্য। অথচ তাঁকে একটি সভায়ও পাইনি৷ এমনকি কর্মস্থলেও তাঁকে এক দিনের জন্য পাইনি৷’
উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, ‘খাদ্যনিয়ন্ত্রক উজ্জ্বল কুমারকে গত এক বছরে এক দিনও উপজেলায় দেখিনি৷’
উজ্জ্বল কুমার দায়িত্ব নেওয়ার সময় ধরমপাশায় ইউএনও ছিলেন খালেদুর রহমান৷ তিনি গত ১৫ মে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বদলি হন৷ মুঠোফোনে তিনি বলেন, ‘২০১৩ সালের এপ্রিল থেকে এক বছরে খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল কুমারকে মাত্র দুদিন ধরমপাশায় আসতে দেখেছি৷’
তবে উজ্জ্বল কুমার অভিযোগ অস্বীকার বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এ উপজেলায় খাদ্যনিয়ন্ত্রকের কোনো কার্যালয় পাইনি৷ তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে বসেই আমি দাপ্তরিক কাজ করি৷ তাই হয়তো অনেকের সঙ্গে দেখা হয় না৷’
বর্তমান ইউএনও শ্রাবস্তী রায় বলেন, ‘ওই কর্মকর্তা অনুপস্থিত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
সুনামগঞ্জ জেলা খাদ্যনিয়ন্ত্রক রমেন্দ্রনাথ ধর জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন না৷ খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷