৩৬৫ দিনে ক্লাস হয়নি ২১৮ দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবে বরাতসহ বর্ষাকালীন ছুটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ছিল ১ জুন থেকে ৩০ জুন। ৩০ দিনের এই ছুটির রেশ কাটতে না-কাটতেই ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয় ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত। পরে ৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঈদুল আজহা ও দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটিতে ক্লাস বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শুরু হতে না-হতেই আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্লাস হয়নি বিশ্ববিদ্যালয়ে।
এভাবেই গত বছর ৯৮ দিন ঘোষিত ছুটিতে ছিল বিশ্ববিদ্যালয়। এই বাড়তি ঘোষিত বন্ধের সঙ্গে যুক্ত হয়েছে বছরজুড়ে আঞ্চলিক ও পুরো দেশে বিরোধীদলীয় জোটের ডাকা প্রায় ৭৫ দিনের হরতাল ও অবরোধে অঘোষিত ছুটি। সঙ্গে ৫২ দিনের সাপ্তাহিক ছুটি তো ছিলই। ঘোষিত ও অঘোষিত এসব ছুটিতে বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ক্লাস হয়নি কোথাও। এর মধ্যে সাত দিন হরতাল-অবরোধ বিশ্ববিদ্যালয়ের ঘোষিত বন্ধের মধ্যে ছিল। তাই সব মিলিয়ে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে ২১৮ দিনই কোনো ক্লাসই হয়নি। যা গত ১০ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সর্বনিন্ম কম ক্লাস হওয়ার রেকর্ড। ফলে গত বছরটি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুঃসহের বছর, সেশনজট বাড়ার বছর।
এদিকে বাড়তি ঘোষিত বন্ধের সঙ্গে গত বছর অঘোষিত বন্ধ বাড়ায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস কম হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট নতুন করে শিক্ষাজটে পড়ছে, তেমনি আগে থেকে সেশনজটের কবলে থাকা বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে শিক্ষাজট দীর্ঘতর হচ্ছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এমনিতেই রাজনৈতিক পরিস্থিতির কারণে বছরের প্রায় সময়ই বিশ্ববিদ্যালয় অঘোষিত ছুটিতে থাকে। সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রায় দ্বিগুণ ঘোষিত বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত খারাপ সময় যাচ্ছে। এটি শিক্ষাজট বাড়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখছে।’