৩৭ উপজেলায় আজ সুনামি সতর্কতা মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ ভারত মহাসাগরের তীরবর্তী এবং তীরবর্তী অঞ্চলের সঙ্গে সম্পর্কিত বিশ্বের ২৩টি দেশে আজ মঙ্গলবার একযোগে সুনামি সতর্কতামূলক এক মহড়া অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় দেশের উপকূলীয় ১৩ জেলার ৩৭টি উপজেলায় এ মহড়া অনুষ্ঠিত হবে।
সিপিপির প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকালে কত দ্রুত মানুষের কাছে সতর্ক সংকেত পৌঁছানো যায়, সে সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ব আবহাওয়া সংগঠন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা মহড়ার অংশ হিসেবে বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টকে একটি নমুনা (ডামি) সুনামি সতর্কতা সংকেত পাঠাবে। আজ ভোর ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিপিপির ১৩ জেলা শাখা কেন্দ্রে তা পাঠাবে। দ্রুত এ বার্তা সেখান থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সিপিপির স্বেচ্ছাসেবকদের কাছে পৌঁছানো হবে।