সংস্কারের অভাবে সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে বাতাসের তীব্রতা বাড়লে যেকোনো সময় বাঁধ ভেঙে শ্যামনগর ও আশাশুনির বিস্তীর্ণ এলাকার ক্ষতি হতে পারে। এ কারণে দুই উপজেলার লক্ষাধিক মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া, জেলেখালী, গাগড়ামাড়ি, নাপিতখালী, চাঁদনীমুখাসহ আটটি স্থানে বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। তিনি স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে লেবুবুনিয়া ও জেলেখালী এলাকার বাঁধ মেরামতের চেষ্টা চালাচ্ছেন। এ ইউনিয়নের ৩৮ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।
পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের পশ্চিম পাতাখালী এলাকার দেড় কিলোমিটার ও পূর্ব পাতাখালী এলাকার আধা কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে ইউপির উদ্যোগে কোনো রকমে বাঁধ রক্ষা করে রেখেছেন। জোয়ারে এ এলাকার নদীর পানি এখনো তিন-চার ফুট বাড়ছে। ভরা পূর্ণিমায় এ অবস্থা অব্যাহত থাকলে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হবে। তিনি আরও জানান, আশাশুনির প্রতাপনগর ও কয়রা উপজেলার বেতকাঁশি, দক্ষিণ বেতকাঁশি ও আংটিহারা এলাকায় বাঁধ ভেঙে ৫০ হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হতে পারে।
সাতক্ষীরা পাউবো বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান জানান, উপকূল রক্ষার জন্য জেলায় পাউবোর ১১টি পোল্ডারের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে বিভাগ-১-এর অধীনে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। এর ৮ কিলোমিটার মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিভাগ-২-এর আওতায় ২২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধের মধ্যে ১৬টি স্থানের প্রায় ১১ কিলোমিটার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার জানান, পাউবোর সাতক্ষীরা-১ ও ২ বিভাগের অধিক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামতের জন্য দ্বিতীয় দফায় ১০ কোটি টাকা বরাদ্দ চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষা করা সম্ভব হবে।