গত বছর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৪৭ হাজার ৭৫৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জরিমানা আদায় করা হয়েছে ৩৭ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ২৪৬ টাকা।
আজ শুক্রবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ তথ্য জানান ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক কর্মসূচির পরিচালক শাহিদা আক্তার। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচির আওতায় ‘মোবাইল কোর্ট পরিচালনা : জননিরাপত্তা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শাহিদা আক্তার বলেন, পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ সালে মোট ৫৭ হাজার ১৫৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৯২৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এতে মোট ৩৭ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ২৪৬ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৫৪ জনকে। এখন প্রতি মাসে দেশে প্রায় ৩ হাজার ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শাহিদা আক্তার আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় ১৫টি জেলায় ‘ই-মোবাইল কোর্ট সিস্টেম’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা চালু করা হবে। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ও প্রয়োজনীয় উপকরণসহ সুসজ্জিত যানবাহন সরবরাহ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
আজ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, মাঠপর্যায়ে দেশের জনগণকে সেবা পৌঁছে দিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ আদালত খাদ্যে ভেজাল রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ইভ টিজিং প্রতিরোধ, পরিবেশ রক্ষা, অবৈধ দখল, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। ইতিমধ্যে তা দেশে একটি জনপ্রিয় ও কার্যকর আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা অনেক বেশি কার্যকর। এতে মানুষের অনেক আস্থা আছে। এই সেবার ব্যাপকতা বাড়াতে কাজ করছে সরকার।
ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, দেশের মানুষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার চায়। এই বিচার করতে গিয়ে কোনো ম্যাজিস্ট্রেট অনিচ্ছাকৃত ভুল করলে মানুষ বিচার পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই বিচার করার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকবে হবে।
হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হক, ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ‘মোবাইল কোর্ট পরিচালনা : জননিরাপত্তা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সুজায়েত উল্যা। প্রবন্ধে তিনি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রয়োগসিদ্ধভাবে জননিরাপত্তা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কলাকৌশল, সম্ভাব্যতা, সমস্যা, সফলতাসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন।
কর্মশালায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রায় ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।