৩৭ ঘণ্টা পর পাওয়া গেল শিশু সায়েরীর মরদেহ
বরিশালের কীর্তনখোলা নদী-সংলগ্ন সাহেবের হাট চ্যানেলে গত শুক্রবার রাতে দুটি স্পিডবোট মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ সিদরাতুল মুনতাহা ওরফে সায়েরী (১২) মরদেহ ৩৭ ঘণ্টা পর গতকাল রোববার সকালে উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলার বিশ্বাসেরহাট এলাকায় কড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সায়েরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সরোয়ারের মেয়ে। ওই দুর্ঘটনায় গোলাম সরোয়ারের স্ত্রী নাসপতি বেগম (৪৫) মারা যান। তাঁর মরদেহ ওই দিনই উদ্ধার করেন বরিশাল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
সাহেবেরহাট বন্দর থানার ওসি মাহাবুবুল আলম গতকাল দুপুরে বলেন, রোববার সকালে কড়ইতলা নদীতে সায়েরীর মরদেহ ভেসে উঠলে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। পরে তাঁরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। শুক্রবার রাত পৌনে আটটার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর সাহেবের হাট চ্যানেলে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এর একটি স্পিডবোটে করে চিকিৎসক গোলাম সরোয়ার, তাঁর স্ত্রী নাসপতি বেগম, মেয়ে সায়েরীসহ পাঁচজন ভোলা থেকে বরিশালে আসছিলেন। অপর স্পিডবোটটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে যাচ্ছিল।