৩৭ ঘণ্টায় ২১টি বসতভিটা পদ্মায় বিলীন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গী গ্রামের মনোয়ারা বেগম শনিবার সকালে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়ি ফেরেননি। মা ছোটু খাতুন রাতে ঘুমিয়ে ছিলেন পাশের ঘরে। গভীর রাতে শব্দে ছোটু খাতুনের ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন মনোয়ারার ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের কিছু অংশ রক্ষা করেন সত্তরোর্ধ্ব মা। সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভয়ার্ত কণ্ঠে ছোটু খাতুন বলেন, ‘রাইতে পানির হুসানিতে ঘুম ছুইড্যা গ্যাছে, উইডা দেহি মনোয়ারার ঘরের কোনা ছুইটা গেছে।’
এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার রাত থেকে সদর ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গী গ্রামটি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে। ওই গ্রামের প্রায় ৫০০ মিটার জায়গাজুড়ে এ ভাঙন শুরু হয়েছে। শনিবার রাত ১১টা থেকে গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩৭ ঘণ্টায় ওই গ্রামের বাসিন্দা জালাল খাঁ, ছোট রশিদ, উজ্জ্বল খাঁ, মনোয়ারা বেগম, ছোটু খাতুন, জান খাঁ, রশিদ মোল্লা, ছকেল মোল্লা, হায়দার মোল্লার বাড়ির বসতভিটাসহ ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কিত এলাকাবাসী ভাঙনের মুখে বাড়িঘর সরিয়ে নিচ্ছে।
ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে ফাজিল খাঁ ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া পাশের বালিয়াডাঙ্গী, ফাজিল খাঁ ডাঙ্গী, এম কে ডাঙ্গী গ্রামের কয়েক শ পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ খাঁ বলেন, বসতভিটার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে পারিবারিক স্মৃতি, নিকটজনদের কবর ও গাছপালা। তিনি বলেন, ইতিমধ্যে দুই শতাধিক গাছ নদীগর্ভে চলে গেছে।
ভাঙতে ভাঙতে বসতভিটা থেকে মাত্র ২০ মিটার দূরে চলে এসেছে নদী। এ অবস্থায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঘর সরাতে দেখা যায় জান খাঁকে (৫০)। তিনি বলেন, ‘মাথা গোঁজার এই জায়গাটুকুও গাঙ্গে নিয়া যাইব। এ অবস্থায় কোথায় জাইয়্যা দারামু জানি না।’
নদীর ভাঙন থেকে মাত্র ১০০ গজ দূরে রয়েছে ফাজিল খাঁ ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০০ গজ দূরে রয়েছে মোল্লাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোল্লাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, নদীর ভাঙন স্কুলের কাছে চলে এসেছে। এ বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হবে।
সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগীর হোসেন বলেন, তিনি গত রোববার বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।