চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর ধরে ৩৭ চিকিৎসকের মধ্যে ২৩ জনই নেই। ফলে প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সরফভাটা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকায় রোগীরা ফিরে যাচ্ছে। ভুমিরখীল গ্রামের ছেনোয়ারা বেগম (৩৪) এ সময় বলেন, আজ থেকে তিন মাস আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একবার স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম তখনো কোনো চিকিৎসক ছিল না। আজও নেই।উপজেলা সদর ইছাখালী এলাকার মো. ইসকান্দর (২৬) জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে টিকিট নিয়ে এক ঘণ্টা ২০ মিনিট অপেক্ষার পরও চিকিৎসক পাওয়া যায়নি। ফলে কষ্ট পোহাতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতটি উপস্বাস্থ্য কেন্দ্র ও সাতটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ৩৭ জন চিকিৎসকের পদ রয়েছে। তার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের পদ রয়েছে। যেখানে আছে এখন ১৩ জন চিকিৎসক। আর পোমরা উপস্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক ছাড়া সব কয়টি উপস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিবারকল্যাণ কেন্দ্রে কোনো চিকিৎসক নেই।রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ এ প্রসঙ্গে বলেন, চিকিৎসকের চাহিদা দিয়ে একাধিকবার প্রতিবেদন দেওয়ার পরও চিকিৎসক পাওয়া যাচ্ছে না। যারা আছে তারাও বদলি হয়ে চলে যাচ্ছে।