৮ জুন বুধবার বেলা দেড়টা। শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের মো. আবদুল হামিদ কোমরে ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু চিকিৎসক সংকটের কারণে তাঁকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। আবদুল হামিদের মতো জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের সানোয়ারা বেগম, সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রোজিনা বেগম, খুনুয়া চরপাড়া গ্রামের নাসরিন বেগমসহ অনেক রোগী বলেন, বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখানোর জন্য তাঁরা দুই থেকে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছেন।১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের এই চিত্র নিত্যদিনের। কেননা হাসপাতালের ৩৭ জন চিকিৎসকের পদের বিপরীতে ২৩টি পদই শূন্য। কর্মরত আছেন মাত্র ১৪ জন। রয়েছে শয্যা সংকটও। অনেক রোগীকে মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয়। শেরপুর জেলার প্রায় ১৫ লাখ বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী বহির্বিভাগের টিকিট কাটেন। কিন্তু চিকিৎসকের অভাবে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সদর হাসপাতালে চারজন চিকিৎসা কর্মকর্তার (এমও) স্থলে তিনজন ও তিনজন জরুরি চিকিৎসা কর্মকর্তার স্থলে একজন কর্মরত রয়েছেন। এ ছাড়া মেডিসিন, নাক, কান ও গলা, প্যাথলজি, অ্যানেসথেসিয়া, চর্ম ও যৌন, ডেন্টাল, অ্যান্ডোক্রাইনোলজি ও সহকারী সার্জন পদে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা পরামর্শক নেই। বর্তমানে মাত্র তিনজন এমও বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন। অন্যদিকে হাসপাতালে মেডিসিন পরামর্শক পদে এক দশক ধরে কোনো চিকিৎসক না থাকায় হূদেরাগ ও মস্তিষ্কে রক্তক্ষরণসহ জটিল রোগে আক্রান্ত রোগীকে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা ছাড়া কোনো উপায় থাকে না। যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাঁরা সরকারি ছুটি বা বন্ধের দিনগুলোতে কর্মস্থলে না থাকায় অন্তর্বিভাগে ভর্তি হওয়া রোগীরা পড়েন চরম দুর্ভোগে।এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, মাত্র তিনজন চিকিৎসক দিয়ে হাসপাতালের বহির্বিভাগে ৩০০ থেকে ৩৫০ জন রোগীকে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা বেহাল হয়ে পড়েছে।শয্যা সংকট: হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন ১৫০ থেকে ১৮০ জন রোগী ভর্তি থাকেন। শয্যা ছাড়াও অন্তর্বিভাগের মেঝে এমনকি বারান্দাতেও রোগীদের শুয়ে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া ভর্তি হওয়া রোগীদের খাদ্য নির্ধারিত ১০০ জন রোগীর খাবার থেকে ভাগ করে দেওয়া হয়। ফলে রোগীদের মধ্যে পরিবেশন করা খাবারও হয় নিম্নমানের। গত বুধবার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে চরশেরপুর দড়িপাড়া গ্রামের ১২ বছরের শিশু মো. জুয়েল বলে, পায়ের ব্যথা নিয়ে ১ জুন সে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু শয্যা না পাওয়ায় হাসপাতালের মেঝেতেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া গ্রামের মো. বাবুল মিয়া বলেন, ৩ জুন থেকে সার্জারি ওয়ার্ডে ভর্তি হলেও শয্যার অভাবে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অনেক চেষ্টা করেও তিনি শয্যা পাননি।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন জ্যেষ্ঠ সেবিকা বলেন, ‘অন্তর্বিভাগে রোগীর সংখ্যা বাড়লেও সেবিকাদের সংখ্যা বাড়েনি। মাত্র ২০ জন সেবিকা নিয়ে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। বেশির ভাগ দিন তাঁদের প্রত্যেককে দুই পালায় দায়িত্ব পালন করতে হয়।’যোগাযোগ করা হলে শেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুস সামাদ চিকিৎসক ও শয্যা সংকটের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অবিলম্বে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদসহ চিকিৎসা কর্মকর্তার পদ পূরণ করা দরকার। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।