নির্ধারিত সময়ের মধ্যে বিলবোর্ড না সরানোয় ৩৭ জন বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই অভিযোগে এর আগেও ছয়জন বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছিল।
এদিকে রাজধানীর কোথায়, কী ধরনের বিলবোর্ড স্থাপন করা যাবে তার নীতিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই নীতিমালার আলোকে ঢাকার কিছু জায়গায় বিলবোর্ড বসানোর অনুমতি দেওয়া হবে। বিলবোর্ড ব্যবসায়ীরা দ্রুত এই নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
ডিএনসিসি সূত্র জানায়, এই মাসের প্রথম সপ্তাহে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে দুটি মামলার শুনানি শুরু হয়েছে। আগামী সপ্তাহে আরও কয়েকটি মামলার শুনানির তারিখ রয়েছে। ডিএনসিসি আরও প্রায় অর্ধশতাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের হোল্ডিংয়ের ছাদে, দেয়ালে, ভূমিতে লাগানো অনুমোদনহীন বা অনুমোদন বাতিল হওয়া বিজ্ঞাপনফলক সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে গত বছরের ২৩ ও ২৪ সেপ্টেম্বর পাঁচটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বছরের ১৮ জানুয়ারি নোটিশের মাধ্যমেও অনুরোধ করা হয়। এরপরও অভিযুক্ত ব্যক্তিরা বিজ্ঞাপনফলক সরিয়ে নেননি এবং অবৈধ বিজ্ঞাপনফলক ব্যবহার করার উদ্যোগ অব্যাহত রেখেছেন। যা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে শাস্তিযোগ্য অপরাধ।
ডিএনসিসির বিউটিফিকেশন সেলের দায়িত্বে থাকা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, বাড়ির মালিকেরা স্বেচ্ছায় বিলবোর্ড না সরানোয় সিটি করপোরেশন মামলা করতে বাধ্য হচ্ছে। যতগুলো বাড়িতে অবৈধ বিলবোর্ড পাওয়া যাবে সবার বিরুদ্ধে মামলা করা হবে।
ডিএনসিসির হিসাবে বৈধ বিলবোর্ডের সংখ্যা ছিল ১ হাজার ৯১১। বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কাছেও বৈধ-অবৈধ বিলবোর্ডের পরিসংখ্যান নেই। হাজারো অবৈধ বিলবোর্ডের মধ্যে বৈধ বিলবোর্ড কোনগুলো তা বের করাই সিটি করপোরেশনের জন্য কঠিন হয়ে পড়ে।
বিলবোর্ড ব্যবসায়ীদের প্রতিবছর সিটি করপোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হতো। ২০১৫ সালের ৩১ জুন মেয়াদ শেষ হওয়ার পরে ঢাকার দুই সিটি করপোরেশনই বিলবোর্ডের মেয়াদ নবায়ন করেনি। ফলে রাজধানীর সব বিলবোর্ডই আইনগতভাবে অবৈধ হয়ে যায়।
২০১৫ সালের ১ জুলাই ডিএনসিসি মেয়র আনিসুল হক অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে কয়েক দফায় সময় বেঁধে দেন। কিন্তু ব্যবসায়ীরা সেই সময়ের মধ্যে বিলবোর্ড সরানোর কোনো উদ্যোগ নেননি। ডিএনসিসি সড়কে থাকা বিলবোর্ডগুলো উচ্ছেদ করেছে। বাসার ছাদে কয়েকটি খাম্বার সমন্বয়ে স্থাপন করা বিলবোর্ড সরিয়ে নিতে যেসব বাড়ির মালিক ব্যবস্থা নেননি, তাঁদের বিরুদ্ধেই বর্তমানে মামলা হচ্ছে।
বাংলাদেশ আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রাশেদ প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন বৈধ বিলবোর্ডগুলোও সরিয়ে ফেলেছে। এখন ব্যবসায়ীরা নীতিমালার অপেক্ষায়। দ্রুত নীতিমালা করে, প্রকৃত বিলবোর্ড ব্যবসায়ীদের যেন ব্যবসার সুযোগ দেওয়া হয়।’