৩৭ জনের জামিন একজনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে করা ২২ মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকৌশলী, ঠিকাদারসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ১৫ প্রকৌশলীসহ ৩৭ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পলাতক থাকায় আদালত এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অন্যদের আদালতে হাজির হতে বলেছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গতকাল সোমবার শুনানির পর এ আদেশ দেন। আদেশে বিচারক বলেন, আসামিরা হাইকোর্ট বিভাগ ও মুখ্য মহানগর হাকিম আদালতের জামিনের অপব্যবহার করেননি। তাই আগামী ধার্য তারিখ পর্যন্ত ৩৭ জনকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো। আদালত সূত্র জানায়, পলাতক থাকায় বিচারক একই আদেশে তৎকালীন প্রকৌশলী নূর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল উপস্থিত আসামিদের মধ্যে ১৫ জন প্রকৌশলী ও ২২ জন ঠিকাদার রয়েছেন। আদালত আগামী ২৭ জুলাই পর্যন্ত পরবর্তী শুনানির দিন ধার্য করেন। প্রসঙ্গত, সিডিএর দুটি প্রকল্পে পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ ঠিকাদারসহ ৪৭ জনের বিরুদ্ধে ২২টি মামলা করে দুদক। ছয়জনকে বাদ দিয়ে গত ২১ মে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।