৩৭ দিন পর খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালের আবাসিক হল
টানা ৩৭ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে আবাসিক শিক্ষার্থীরা (চারটি ছাত্র ও দুটি ছাত্রীদের জন্য) হলে আসতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ক্যাম্পাসে বাসচাপায় একজন শিক্ষার্থী নিহত হন। এরই জের ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় ৩৫টি বাস পুড়িয়ে দেন। দফায় দফায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভায় সেদিন শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ত ম লোকমান হাকিম সকালে প্রথম আলোকে জানান, জরুরি সভার সিদ্ধান্তে ৩০ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ও ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকায় হলগুলো বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের ছয়টি হল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও আসতে শুরু করেছেন।