৩৭ দিন পরও চালু হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের এক মাসেরও বেশি সময় পার হলেও চালু হয়নি গুলশান বহুতল ‘কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স’। এমনকি এটা পরিচালনার জন্য এখন পর্যন্ত ইজারাদার নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়নি। ওই কমপ্লেক্স এলাকায় গিয়ে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এই তথ্য পাওয়া যায়।
গুলশান-১-এর ১৭, ১৯ ও ২০ নম্বর সড়কবেষ্টিত প্রায় এক বিঘা জমির ওপর ১৫ তলা গাড়ি পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ করে রাজউক। প্রায় ৪০ কোটি টাকা খরচে প্রথমবারের মতো রাজউকের নির্মিত এই বহুতল গাড়ি পার্কিং ভবন উদ্বোধন হয় ৩৭ দিন আগে, গত ২১ সেপ্টেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স’ প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে জানানো হয়েছিল, গুলশান-১ এলাকার বিভিন্ন অফিস চলাকালে অতিরিক্ত গাড়িগুলো রাখার ব্যবস্থা করা, রাস্তার ওপর গাড়ি রাখা বন্ধ করা এবং যানজটের তীব্রতা কমিয়ে আনার জন্য এই গাড়ি পার্কিং কেন্দ্র নির্মাণ করা হয়েছে। খুব শিগগির এটি চালু করা হবে।
কিন্তু গত শনিবার এলাকায় গিয়ে দেখা যায়, পার্কিং কমপ্লেক্স চালু হওয়া দূরে থাক, সেখানে কোনো লোকজনও নেই। ভবনের প্রধান প্রবেশপথ বন্ধ। পেছনের গাড়ি ঢোকার জন্য যে প্রবেশপথ, সেটিও বন্ধ। এলাকার একটি প্রসাধন সামগ্রীর দোকানি আবদুস সামাদ জানান, উদ্বোধনের পর বেশির ভাগ সময়ই সেখানে রাজউকের লোকজনকে দেখা যায়নি। তবে সম্প্রতি তাঁরা এলাকায় আসছেন। আর কমপ্লেক্সে দোকান বরাদ্দ পাওয়ার জন্য লোকজন খোঁজ নিতে আসেন প্রায়ই।
গাড়ি পার্কিং পরিচালনার জন্য ইজারাদার নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া শেষ না করে এটি এত আগে উদ্বোধন করা হলো কেন—এমন প্রশ্নে প্রকল্প পরিচালক ও রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, যাবতীয় কাজই সম্পন্ন হয়েছে। তবে বৈদ্যুতিক কাজের কিছু কারিগরি দিক অসম্পূর্ণ থাকায় কিছুটা দেরি হয়েছে। পরিচালনার জন্য ইজারাদার নিয়োগের বিজ্ঞপ্তির কাগজপত্র তৈরি করা হয়েছে। আশা করা যায়, নভেম্বরের মধ্যে এটি চালু করা যাবে।
প্রকল্প সূত্রে জানা যায়, ভবনটির দুটি বেজমেন্ট ও দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত মোট নয়টি তলায় গাড়ি রাখা যাবে। একসঙ্গে গাড়ি থাকতে পারবে ২৩১টি। নবম থেকে ১৫ তলা পর্যন্ত থাকবে অফিস স্পেস। নিচতলা থেকে দুটি বেজমেন্ট এবং চারতলা পর্যন্ত র‌্যাম্পের মাধ্যমে গাড়ি ওঠানামা করবে এবং বাকি তলাগুলোয় মোট তিনটি ‘কার লিফট’-এর মাধ্যমে গাড়ি ওঠানামা করতে পারবে। তবে এখানে গাড়ি রাখতে কোন গাড়ির জন্য কত টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বা হচ্ছে, তা কেউ জানাতে পারেননি।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনটি লিফটের প্রতিটির মাধ্যমে মাত্র একটি করে গাড়ি পার্কিংস্থলে পৌঁছাতে পারবে। এতে ভবনের নিচে জটলা বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পার্কিং ভবনটি গুলশান মূল সড়ক থেকে একটু ভেতরে হওয়ায় প্রবেশপথে আলাদাভাবে যানজটের সৃষ্টি হতে পারে। তবে প্রকল্প পরিচালক এ বিষয়ে আপত্তি জানিয়ে দাবি করেন, মূল সড়ক থেকে আসার পথে বা লিফটের কাছে জটলা হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে লক্ষ রাখা হবে।