৩৭ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে আট বছর ধরে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। ফলে বিদ্যালয়গুলোতে পাঠদানসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল বলেন, আট বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার কারণে সারা দেশেই একই অবস্থা বিরাজ করছে। উচ্চ আদালতে মামলা থাকার কারণে মন্ত্রণালয় পদোন্নতি বন্ধ রেখেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সোনারগাঁয়ে ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পঞ্চবটী, বাছাব তিলাব, পেচাইন, চৌধুরীগাঁও, নোয়াগাঁও, লাধুরচর, হরিহরদী, মারবদী, শম্ভুপুরা, চর কিশোরগঞ্জ, এলাহীনগর, দেওভোগ, পেরাব, কদমতলী, আলমদী, পাইকপাড়া, দলরদী, আলগীরচর, গোয়ালপাড়া, ভটেরপাড়া, চেঙ্গাকান্দি (বারদী), চরভুলুয়া, পশ্চিম সনমান্দী, মশুরাকান্দা, চেঙ্গাকান্দি (সনমান্দি), কাবিলগঞ্জ, রাইজদিয়া, চরগোয়ালদী, আষাঢ়িয়ার চর, কোরবানপুর, কান্দারগাঁও, হামছাদী, উলুকান্দি, ফতেপুর, চরহোগলা, বিষ্ণাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুছারচর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা এসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আদেশ-উপদেশ মানছেন না। ফলে শিক্ষার মান ধরে রাখা যাচ্ছে না। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গড় ফলাফলও তেমন ভালো হচ্ছে না।