৩৭ ফুট উঁচু রথের যাত্রা আজ
১৫টি লোহার চাকার ওপর দাঁড়িয়ে আছে ৩৭ ফুট উঁচু ও ২০ ফুট চওড়া রথটি। লোহার খাঁচার ওপর সেগুন ও চাম্বল কাঠ বসিয়ে খোদাই করে বানানো হয়েছে আকর্ষণীয় সব শৈল্পিক নিদর্শন। রথের সামনে রয়েছে কাঠের তৈরি দুটি ঘোড়া ও সারথি। এ ছাড়া রথের বিভিন্ন প্রকোষ্ঠে স্থাপন করা হয়েছে কাঠের তৈরি দেব-দেবীর মূর্তি। ঢাকার অদূরে ধামরাইয়ে অবস্থিত বড়সড় এ রথটি সচল হবে আজ।আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা উৎসব। আজ মঙ্গলবার বিকেল তিনটায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। উৎসবে মেতে উঠেছে ধামরাইসহ আশপাশের এলাকার মানুষ। এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে কারুকার্যখচিত নতুন এই রথ। ভারত সরকারের সহায়তায় রথটি নির্মাণ করা হয়েছে।উৎসবের আয়োজক ও যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান, বাংলাদেশের ইউডিসি কেলভিন টেকনো টাস নামের একটি প্রতিষ্ঠান রথটি নির্মাণ করেছে। নকশা তৈরিতে সহায়তা করে সিইসি ইন্ডিয়া নামের ভারতের একটি প্রতিষ্ঠান। রথটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৭৮ লাখ টাকা, যার পুরোটাই অনুদান হিসেবে দিয়েছে ভারত সরকার। ৪০ জন শিল্পী ছয় মাসেরও বেশি সময় কাজ করে দাঁড় করিয়েছেন রথটি। প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই ও সাটুরিয়া এলাকায় আগে বড়সড় একটি রথ ছিল। একাত্তরে হানাদার বাহিনী সেটি পুড়িয়ে দেয়। দেশ স্বাধীন হওয়ার পর ছোট আকারের একটি কাঠের রথ তৈরি করে এত দিন সেটি দিয়েই উৎসব চলছিল। যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সদস্য সুকান্ত বণিক জানান, ২০০৬ সালের রথযাত্রা অনুষ্ঠানে এসে ঢাকার তৎকালীন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি ভারত সরকারের অনুদানে বড় আকারের একটি রথ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ বছর রথটি নির্মিত হয়।