৩৭ বিদেশি বিভিন্ন মেয়াদে রিমান্ডে
রাজধানীতে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ গ্রেপ্তার ৩৭ বিদেশি নাগরিকসহ ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. রেজাউল করিম এ আদেশ দেন।
গতকাল বিকেলে উত্তরা পশ্চিম থানার পুলিশ ৪৩ আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে ৪২ জনকে দুই দিন এবং একজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জন তাইওয়ানের এবং পাঁচজন চীনের নাগরিক। গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ ভিআইপি ব্যবসা করে সরকারের বিপুল অর্থনৈতিক ক্ষতি করে আসছিলেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে আর কারা জড়িত আছেন, তা বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গত রোববার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ২৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ল্যাপটপ, ওয়াকিটকি, ল্যান্ডফোন, বিভিন্ন ব্র্যান্ডের কেব্ল, সিম, মডেমসহ এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার করা হয়।