রাজধানীর উত্তরা থেকে ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩৭ বিদেশির মধ্যে ১৫ জনের পাসপোর্টই জাল। অন্যের ছবিসংবলিত পাসপোর্ট নিয়ে তাঁরা বাংলাদেশে আসেন। আটক হওয়া সবাইকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। গতকাল সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
গত রোববার রাতে র্যাব উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে ৩৭ বিদেশিকে আটক করে। তাঁদের ৩২ জন তাইওয়ানের ও পাঁচজন চীনের নাগরিক।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত প্রথম আলোকে জানান, অভিযানের সময় বাসার ভেতরে বিদেশিদের পাওয়া যায়। তাঁদের সবাইকে আটক করা হয়। এ সময় দুই বাংলাদেশিকেও সেখানে পাওয়া যায়। বাড়ি থেকে কিছু জাল ডলারও উদ্ধার হয়েছে। তিনি বলেন, আটক করা নারী-পুরুষের সবাই ইংরেজি জানেন না। এ কারণে দোভাষী এনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পারেন, এ বাড়িতে যে ভিওআইপি সরঞ্জাম ছিল, তাতে মোবাইল ফোনের সিম ব্যবহার করা হয়নি। ল্যান্ডফোনের নম্বর ব্যবহার করে ভিওআইপি চালানো হতো। ওই বাড়িতে দেড় শতাধিক ফোন সংযোগ আছে।