পরিবেশের জন্য ক্ষতির কারণ সৃষ্টির অপরাধে রাজধানীর আটটি শিল্পকারখানার কাছ থেকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া জোয়ারসাহারা ও বাড্ডা আবাসিক এলাকার দুটি কারখানাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ঢাকার মিরপুর, সাভার, বাড্ডা, জোয়ারসাহারা ও গাজীপুরের কালিয়াকৈর, সফিপুর ও জয়দেবপুরে পৃথক অভিযান চালিয়ে এই ক্ষতিপূরণ আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী অধিদপ্তরের আইন প্রয়োগকারী দলের সহায়তায় এসব অভিযান পরিচালনা করেন। এসব কারখানা পরিবেশ আইনে কমলা-ক ও কমলা-খ শ্রেণীভুক্ত। অভিযানকালে এসব শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সাতটিতে বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) পাওয়া যায়নি। এমনকি অধিকাংশ প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্রও নেই। এই কারখানাগুলোর বিরুদ্ধে তরল বর্জ্য ফেলে তুরাগ ও বংশাই নদী দূষণ এবং স্থানীয় জমি ও জনবসতি দূষণের অভিযোগ রয়েছে। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো মোয়াজ্জেম নিট অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএল ইয়ার্ন ডাইং লিমিটেড, টাওয়েল টেক্স লিমিটেড, এ বি এস নিটেক্স লিমিটেড, মেসার্স রাকেফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বীপ ওয়াশিং লিমিটেড ও আইল্যান্ড ওয়াশিং কমপ্লেক্স। এসব কারখানার মালিক/কর্তৃপক্ষকে অনতিবিলম্বে যথাযথভাবে বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) নির্মাণ করে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হলে এসব কারখানার গ্যাস, পানি ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ এবং মালিক/কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে মর্মে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এ ছাড়া জোয়ারসাহারা ও বাড্ডা আবাসিক এলাকায় অবস্থিত যথাক্রমে জামালপুর ডাইং এবং মোল্লা স্যান্ড ব্লাস্টিং নামের দুটি কারখানাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি কারখানা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত বলে দুর্ঘটনা ও দূষণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।