৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ১ জন করে দপ্তরি নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৭ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে মোট ৩৭ হাজার দপ্তরি নিয়োগ করা হবে। এ ছাড়া পাঁচ হাজার স্বাস্থ্যসেবাকর্মী (নার্স) নিয়োগ দেওয়া হবে। ফলে সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ৪২ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।সুশাসনবিষয়ক সচিব কমিটি সম্প্রতি এসব পদের অনুমোদন দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন-সম্পর্কিত সরকারি ঘোষণাও জারি হয়েছে গত বৃহস্পতিবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান প্রথম আলোকে এ কথা জানান।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন প্রথম আলোকে বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরির পদ সৃষ্টি হওয়ায় কম শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও কর্মক্ষেত্রের পরিবেশ ভালো হবে।প্রতিমন্ত্রী বলেন, সংকেত দেওয়ার জন্য শিক্ষকদেরই ঘণ্টা বাজাতে হয়। এটি মানায় না। এখন দপ্তরি ঘণ্টা দেওয়া ছাড়াও আনুষঙ্গিক কাজকর্ম, যেমন: টেবিল-চেয়ার, বেঞ্চসহ দাপ্তরিক জিনিসপত্র পরিষ্কার-পরিছন্ন রাখতে পারবে।নার্সের পাঁচ হাজার পদ সৃষ্টির বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, চিকিৎসাসেবার ক্ষেত্রে নার্সদের বড় ধরনের ভূমিকা থাকলেও এ দেশে বরাবরই এ ক্ষেত্রটি উপেক্ষিত থেকেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নার্সের পদটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। তবে পাঁচ হাজারেও হবে না। আরও লাগবে। পর্যায়ক্রমে আরও পদ করা হবে।সচিবদের বাসার সুবিধা বাদ: ২০০৭ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিবদের বাসার জন্য একজন বাবুর্চি ও একজন নিরাপত্তারক্ষী নিয়োগের প্রস্তাব দেওয়া হয়। গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় তৃতীয়বারের মতো এ প্রস্তাব নাকচ করেছে। অর্থ মন্ত্রণালয় বলছে, সচিবদের বাসার খরচের জন্য প্রতি মাসে এক হাজার ৩০০ টাকা বরাদ্দ করা আছে। প্রয়োজনে সে টাকা থেকে তাঁরা লোক নিয়োগ দিতে পারেন। নতুন দুটি পদে নিয়োগ দিতে হলে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। উল্লেখ্য, বর্তমানে ৫৮টি সচিবের পদ রয়েছে।