৩৭ হাজার ৩৩৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে ৩৭ হাজার ৩৩৯ কোটি ৮৩ লাখ টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প দেশে এ যাবত্কালের উন্নয়ন প্রকল্প গ্রহণের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের। খবর বাসসের।

আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, অনুমোদন দেওয়া প্রকল্পগুলো হচ্ছে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকার ‘মাতারবাড়ি ৬০০ মেগাওয়াট করে দুটি প্রকল্পে ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প’ এবং অপর দুটিসহ মোট পাঁচ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৩৩৯ কোটি ৮৩ লাখ টাকা।

সভায় অনুমোদন দেওয়া অপর প্রকল্পগুলো হচ্ছে ‘হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন’ প্রকল্প, ‘যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি) স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প, ‘গুচ্ছগ্রাম প্রকল্প’ এবং ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন’ প্রকল্প।


বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘একনেক’ পাস হওয়া পাঁচটি প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।


মন্ত্রী জানান, পাস করা পাঁচটি প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ৫ হাজার ৬৮৫ কোটি ৩৩ লাখ টাকা সরকারি অর্থায়নে, ২ হাজার ১১৮ কোটি ৭৭ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে এবং ২৯ হাজার ৫৩৫ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে।


সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।