৩৭টি সোনার বারসহ বিএসএফের হাতে বাংলাদেশি আটক
ভারতের পেট্রাপোলের আমদানি-রপ্তানি ফটকে ৩৭টি সোনার বারসহ অপু বিশ্বাস নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ মঙ্গলবার দুপুরে সোনা পাচারের সময় ওই যুবক সীমান্তের ভারতীয় অংশে গিয়ে ধরা পড়েন বলে বিজিবি জানিয়েছে।
অপু বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট কাদের অ্যান্ড কোং-এ চাকরি করেন। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার রামগঞ্জ গ্রামে।
বিজিবি সূত্রে জানা যায়, সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে অপু দুই দেশের শূন্যরেখা পার হয়ে ভারতের পেট্রাপোলের আমদানি-রপ্তানির ফটকে যান। বিএসএফের সদস্যরা তাঁকে আটক করে শরীর তল্লাশি করে পায়ের রানের সঙ্গে স্কচটেপ দিয়ে জড়ানো অবস্থায় ৩৭টি সোনার বার উদ্ধার করে।
জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের নায়েক সুবেদার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি কাজের সুবিধার্থে সিঅ্যান্ডএফের কর্মচারীদের অনেকে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে মাঝেমধ্যে ভারতে যান। অন্যদিনের মতো অপু ভারতে গিয়ে ৩৭টি সোনার বারসহ ধরা পড়েন। ওই সোনার ওজন ও মূল্য সম্পর্কে তাঁর জানা নেই বলেও বিজিবিকে জানান অপু।
নাম প্রকাশের অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা বলেন, সিঅ্যান্ডএফের কর্মচারীদের অনেকে ভারতের আমদানি-রপ্তানি ফটকে গিয়ে সোনাসহ বাংলাদেশি মূল্যবান দ্রব্য পাচার করে আসেন। এর আগেও কয়েকবার বিএসএফ সদস্যরা কয়েকজনকে স্বর্ণসহ আটক করেছে।