৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে।
গতকাল মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া চলতি মাসেই ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। সাধারণ ক্যাডারে ৪৬৫ জনসহ মোট ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়ার জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পরীক্ষায় অংশ নেবেন ২ লাখ ৫৩ হাজার পরীক্ষার্থী।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গতকাল প্রথম আলোকে বলেন, ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এর আগেই ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। দু-এক দিনের মধ্যেই এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হবে।
পিএসসির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের দেরির একটা বড় কারণ নন-ক্যাডার। আমি চেয়েছি বেশির ভাগ ছেলে চাকরি পাক। ৩৪তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগপ্রক্রিয়া শেষ হলে খুব শিগগির ৩৫তম বিসিএসের ফল প্রকাশ হয়ে যাবে।’ সেটা ২৫ আগস্টের আগেই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।