৩৭৫টি গাছ জব্দ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার আতিয়াবাগ চা-বাগানের ইজারাভুক্ত অংশ থেকে অবৈধভাবে কাটা বিভিন্ন জাতের ৩৭৫টি বনজ গাছ বন বিভাগের কর্মকর্তারা গত দুই দিনে জব্দ করেছেন।বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, অনুমতিপত্র বাতিলসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।বন বিভাগ সূত্র জানায়, আতিয়াবাগ চা-বাগান কর্তৃপক্ষ চায়ের আবাদ সম্প্রসারণের কারণ উল্লেখ করে প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ৫৩ একর জায়গা (ইজারাবহির্ভূত) থেকে পরিপক্ব বিভিন্ন জাতের দুই হাজার ৩২টি বনজ গাছ কাটতে গত ২৫ এপ্রিল বন বিভাগের অনুমতি পায়। পরে শ্রীমঙ্গলের কাঠ ব্যবসায়ী গোলাম কিবরিয়া চৌধুরী বাগান কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় এক কোটি টাকায় সেসব গাছ কিনে শ্রমিকদের দিয়ে কাটানো শুরু করেন। গত শনি ও সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পরিদর্শন করে দেখেন, অনুমতিপত্রে উল্লিখিত জায়গায় ৫০০টির বেশি গাছ নেই। রাজস্ব ফাঁকি দিয়ে অনুমতিপত্রের আড়ালে ইজারাভুক্ত অংশ থেকে অবৈধভাবে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা গাছ কাটা ও পরিবহন বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোর শেষ পাতায় ‘অনুমতিপত্রের আড়ালে অবৈধভাবে গাছ কর্তন!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।জুড়ী-১ রেঞ্জ কার্যালয়ের বন কর্মকর্তা আবদুস সাত্তার গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, ইজারাভুক্ত অংশ থেকে অবৈধভাবে কাটা গাছগুলো জব্দ করে এ ব্যাপারে একটি প্রতিবেদন পাঠাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তাঁকে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ৩৭৫টি গাছ জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে ওই কাজ সম্পন্ন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।