৩৭৫টি ডাকঘরের নিজস্ব ভবন নেই
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদি ইউনিয়নে ডাক বিভাগের মনসুরাবাদ শাখা কার্যালয়টি স্থাপন করা হয় ষাটের দশকে। প্রতিষ্ঠার পর থেকেই এই ডাকঘরটির নিজস্ব ভবন নেই। বিভিন্ন সময়ে দায়িত্বরত পোস্টমাস্টাররা নিজেদের বাড়িতেই এ ডাকঘরের কার্যক্রম চালিয়ে আসছেন।ওই কার্যালয়ের প্রথম পোস্টমাস্টার মুন্সী মো. আবদুল আজিজ। মৃত্যুর পর ১৯৯২ সাল থেকে তাঁর ছেলে আবদুল জলিল (৭২) ডাকঘরটির দায়িত্বে রয়েছেন। তিনি মনসুরাবাদ এলাকায় তাঁর নিজের বাড়ির একটি কক্ষে ডাকঘরের কার্যক্রম চালান। আবদুল জলিল বলেন, এলাকাবাসী তিন শতাংশ জায়গার ব্যবস্থা করে দিলে সরকারিভাবে এ ডাকঘরটির অবকাঠামো নির্মাণ করা সম্ভব। কিন্তু এলাকার বিত্তবান ব্যক্তিরা এ ব্যাপারে কোনো উৎসাহ না দেখানোয় প্রায় অর্ধশত বছর ধরে তাঁর বাবা ও তিনি নিজের বাড়িতে ডাকঘরটি কার্যক্রম চালিয়ে আসছেন।এ ব্যাপারে হামেরদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুখ বলেন, ‘আমরা জায়গা দিলে যদি ডাকঘরটি স্থাপন করে দেয় তাহলে আমরা অবশ্যই জায়গা দেব। আমরা চাই এলাকায় স্থায়ী ডাকঘর হোক।’শুধু মনসুরাবাদ শাখা কার্যালয়ই নয়, ফরিদপুর ডাক বিভাগের অধীনে বিভিন্ন ধরনের ৪৭৬টি কার্যালয়ের মধ্যে ৩৭৫টিরই নিজস্ব কোনো ভবন নেই। ফরিদপুর ডাক বিভাগ সূত্রে জানা গেছে, এ বিভাগের আওতায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা রয়েছে। এর মধ্যে তিনটি জেলা কার্যালয়, ১৯টি উপজেলা কার্যালয়, ২২টি সাব পোস্ট কার্যালয়, ১০টি ইডি সাব পোস্ট কার্যালয় ও ৪২২টি শাখা কার্যালয় রয়েছে। এর মধ্যে ১২টি সাব পোস্ট কার্যালয়, চারটি ইডি সাব পোস্ট কার্যালয় ও ৩৫৯টি শাখা কার্যালয়ের নিজস্ব ভবন নেই।এ ব্যাপারে ফরিদপুর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জহুরুল আলম বলেন, ডাকঘরের ভবন নির্মাণ করে ডাক অধিদপ্তর। এ ছাড়া ‘গ্রামীণ ডাকঘর উন্নয়ন প্রকল্পের’ আওতায় ডাকঘরের ভবন নির্মাণ করা হয়। তবে শাখা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য জায়গা কেনার জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। স্থানীয় বিত্তবান ও সমাজসেবকেরা ডাকঘরের অনুকূলে ন্যূনতম তিন শতাংশ জায়গা দলিল করে দিলে সেই জমিতে ডাক অধিদপ্তর ভবন নির্মাণ করে দেয়। যেসব জায়গায় এ সুবিধা পাওয়া গেছে সেসব জায়গায় স্থাপনা নির্মাণ করা সম্ভব হয়েছে।