ফুলবাড়ী-দিনাজপুর সড়কে ফুলবাড়ী পৌরশহর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ৩৮ কিলোমিটারের মধ্যে ২৭টি গতিরোধক দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, সড়কটিতে পাঁচ-ছয়টি গতিরোধকের অনুমোদন আছে, বাকিগুলোর অনুমোদন নেই। সড়কটিতে দুর্ঘটনা ঘটলেই স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে ইচ্ছামতো গতিরোধক তৈরি করেন। সড়কটির কিছু গতিরোধক এতই উঁচু যে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের ইঞ্জিনে ঘষা লাগে। যানবাহনের চালক ও পথচারীদের ভাষ্য, গতিরোধকের কারণেই এখন সড়কটিতে বেশি দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ সময় মোটরসাইকেল আরোহীরা গতিরোধকে ধাক্কা খেয়ে আহত হচ্ছেন। সড়কের রাঙ্গামাটি নামক স্থানের কয়েকজন বাসিন্দা বলেন, এই গতিরোধকে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু ও কয়েকজন পঙ্গু হয়েছে। তাঁরা জানান, ফুলবাড়ী আদর্শ কলেজের শিক্ষক আবদুর রউফ তাঁর স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে ফুলবাড়ী যাওয়ার সময় ওই গতিরোধকে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। এরপর ট্রাকচাপায় ঘটনাস্থলে তাঁর স্ত্রী মারা যান। একইভাবে দেড় মাস আগে মাদিলাহাট কলেজের এক শিক্ষকের হাত-পা ভেঙে গেছে। স্থানীয় সাংবাদিক মোকসেদুল সরকার ওই গতিরোধকে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে ডান পা ভেঙে ফেলেন। ফুলবাড়ীর একটি রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন টাঙ্গাইলের ট্রাকচালক জয়নাল হোসেন। তিনি বলেন, ‘সারা দেশে গাড়ি চালাই। ফুলবাড়ী-দিনাজপুর সড়কের মতো এতগুলা বিট (গতিরোধক) দেশের অন্য কোনো সড়কে দেখি নাই।’ আরেক ট্রাকের চালক বাদশা মিয়া বলেন, ‘সড়কটির কিছু বিট এত উঁচ,ু মালবোঝাই গাড়ি পারাপার করতে খুবই কষ্ট হয়। অনেক সময় গাড়ির বিয়ারিং ও পাতি ভেঙে যায়। এ ছাড়া অন্য এলাকার চালকেরা হঠাৎ এই সড়কে এলে সমস্যায় পড়বে।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘সড়কটির গতিরোধকের সংখ্যা দেখে আমরাও শঙ্কিত। ওই গতিরোধকগুলোই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এলাকার মানুষজন সেটা বুঝতে চান না। সড়কটিতে দুর্ঘটনা ঘটলেই লোকজন বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এরপর অন্তত দুটি গতিরোধকের দাবি তোলেন। এভাবে অনুমোদন ছাড়াই গতিরোধকগুলো তৈরি করা হয়েছে।’ তিনি জানান, শুধু রেলক্রসিং, স্কুল-কলেজ ও হাসপাতাল ছাড়া সড়কের কোথাও গতিরোধক দেওয়ার বিধান নেই।