৩৮ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গতকাল মঙ্গলবার থেকে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। ৩৮ দিন বন্ধ থাকার পর গতকাল ভোর পাঁচটা থেকে এ উৎপাদন শুরু হলো।

জেএফসিএল সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গত ২৬ মে রাত সাড়ে আটটায় রমজান মাসে বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সে জন্য তিতাস গ্যাস কোম্পানি কারখানাগুলোর গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তিতাস গ্যাস কোম্পানি গত ২৫ মে এক চিঠিতে যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে বলে জানায়। তিতাস গ্যাস কোম্পানির চিঠি পেয়ে যমুনা সার কারখানার কর্তৃপক্ষ তাদের ইউরিয়া প্ল্যান্ট বন্ধ করে দেয়। কারখানায় ইউরিয়া সারের উৎপাদন ৩৮ দিনের জন্য বন্ধ হয়ে যায়।

২০১৫-১৬ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৫০ হাজার টন। উৎপাদন হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৭০২ টন। এবার ২০১৬-১৭ অর্থবছরে বিসিআইসি জেএফসিএলকে গত ৩০ জুনের মধ্যে ৩ লাখ ৮০ হাজার টন সারের উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। কিন্তু কারখানায় গত ২৬ মে পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ১১৯ টন সার উৎপাদন হয়েছে।

কারখানার এমডি খান জাবেদ আনোয়ার বলেন, সরকারি নির্দেশে ৩৮ দিন বন্ধ থাকার পর কারখানায় সার উৎপাদন শুরু করা হয়েছে।