৩৮ দিনেও উদ্ধার হয়নি অপহূত ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে অপহূত এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ৩৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো অপহূতের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

অপহূত মেয়েটির পরিবারের অভিযোগ, উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়াপুর গ্রামের মেয়েটিকে (১৬) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই একই ইউনিয়নের মহিদীপুর গ্রামের গোলাম কিবরিয়া উত্ত্যক্ত করত। ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানালে কিবরিয়া আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩১ মার্চ ওই ছাত্রী বাড়ি থেকে মহিদীপুর গ্রামে তার নানার বাড়ি যাওয়ার পথে কিবরিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা হয়। এক মাসেও অপহূত ছাত্রীকে পুলিশ উদ্ধার করতে না পারায় গত ৩০ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

অপহূত ছাত্রীর চাচা সফি উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আদালত সাত দিনের মধ্যে অপহূত ছাত্রীকে উদ্ধার, অভিযুক্তকে গ্রেপ্তার এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্ত কিবরিয়ার বড় ভাই বাদী হয়ে তাঁর ভাইকে অপহরণের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করে আমাদের হয়রানি করছে।’

এসব বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। তবে একাধিক স্থানে অভিযান চালিয়েও ওই ছাত্রীকে উদ্ধার বা অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

অপহূত মেয়েটির পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা প্রসঙ্গে ওসি বলেন, অপহূতের পরিবারের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের ভাই বাদী হয়ে যে মামলা করেছে, সেটির তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। ওই মামলার বিষয়েও আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।