৩৮ বছর আগের হালানি এখন বিউটি বেগম

ভোলা শহরের ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি তিন দিন ধরে আড়ম্বরপূর্ণ। এর কারণও অন্যরকম। প্রায় ৩৮ বছর পর এই বাড়ির হারানো মেয়ে ফিরে এসেছেন। হারানোর সময় তিনি ছিলেন একা। এখন ফিরে এসেছেন স্বামী ও নাতি-নাতনি নিয়ে।
ফিরে আসা মেয়ের বর্তমান নাম বিউটি বেগম (৪৫)। বিউটির ফিরে আসার ঘটনাটি বলতে গিয়ে তাঁর খালাতো বোন শাহানাজ বেগম (২৯) বলেন, ‘ঢাকার মিরপুরের একটি কিন্ডারগার্টেনে আমার মেয়ে পড়ে। মাসখানেক আগে মাইকে একটি নিখোঁজ সংবাদ শুনি। এ নিয়ে গল্প করতে গিয়ে বিদ্যালয়ের ম্যাডামকে (আরিফা আফরিন) বললাম, যার হারায়, সে-ই বোঝে স্বজন হারানোর ব্যথা। আমার এক খালাতো বোন ৩৮ বছর আগে হারিয়ে গেছে। খালা আমার পাগলের মতো ঘুরে বেড়াতেন। মেয়ের শোকে বছর তিনেক আগে মারা যান। খালু আরও আগে মারা গেছেন। ম্যাডাম জানতে চান, আমাদের বাড়ি কোথায়। আমি বলি ভোলায়। এভাবেই বলতে বলতে মেলে বোনের (বিউটি) খোঁজ।’
আরিফা আফরিন (২৬) বলেন, ‘শাহানাজ বেগমের খবরটি শুনে চমকে উঠি। পরে বাবাকে (আবিদ হোসেন) বলি। বাবা খোঁজ নিতে শুরু করলেন। মাকে দেখে তাঁরা চিনে ফেললেন। কথায় কথায় সব মিলে গেল।’
আবিদ হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার পোস্ট অফিসপাড়ায়। বাবা মৃত শেখ তাজের আলী। আবিদ পেশায় ব্যবসায়ী। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন রাজধানীর মিরপুরে।
আবিদ হোসেন বলেন, তাঁর স্ত্রী বিউটির মা-বাবার দেওয়া নাম মশুরা বিবি। ডাকনাম ছিল হালানি। তাঁরা পাঁচ ভাই, তিন বোন। মশুরা ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিকানগর গ্রামের আফাজ উদ্দিন হাওলাদারের মেয়ে। বাড়ির নাম আফাজ উদ্দিন হাওলাদারবাড়ি। আশির দশকের শেষ দিকে মেঘনা নদীতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে বাড়িটি অরক্ষিত হয়ে পড়ে। ১৯৭৮ সালে সাত বছর বয়সে মশুরা বাড়িতে বেড়াতে আসা দুলাভাই ও বোনের পেছনে পেছনে বের হয়ে নিখোঁজ হন। তাঁকে খুঁজে পান বরিশালের বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের এক কৃষক। সেই কৃষকের নাম সাহেল উদ্দিন। তাঁর স্ত্রী লালভানুর তখনো সন্তান হয়নি। পরে এক ছেলে হয়। লালভানু মশুরাকে নিজের সন্তান হিসেবে বুকে তুলে নেন। নাম দেন বিউটি বেগম। লেখাপড়া করিয়ে তাকে বিয়ে দেন।
আবিদ আরও বলেন, ‘আমার পরিবার জেনেশুনেই বিউটিকে ঘরে আনে। তবে সংসার করতে গিয়ে বিউটির গোপন কান্নার কথা জানতে পারি। বিউটি প্রায়ই হারিয়ে যাওয়া বাবা-মা, ভাই-বোন ও জন্মস্থানের জন্য কান্নাকাটি করত। বিউটির পৈতৃক ঠিকানা জানার অনেক চেষ্টা করি। কিন্তু বিউটি ভোলার মুন্সিরহাট আর নিজের হালানি নামটি ছাড়া আর কিছু বলতে পারেনি। ওই ঠিকানা ধরেই ভোলায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু ভাঙনে সব বিলীন হওয়ায় কিছুই খুঁজে পাইনি। পরে ভোলার মানুষ পেলেই জানতে চাইতাম বিউটির ঠিকানার বিষয়ে।’
বিউটি বেগম বলেন, ‘আমার বাবা-মা মারা গেছেন। কিন্তু ভাই-বোন, খালা ও স্বজনদের পেয়ে আমি খুব আনন্দিত।’ একই ধরনের অনুভূতি প্রকাশ করেন বিউটি ও আবিদের পরিবারের সদস্যরা। বিউটির বড় মেয়ে আরিফা আফরিন বলেন, ‘আমার আসল পরিচয় পেয়েছি। আমরা ভারমুক্ত। আনন্দিত।’