৩৮ বছরে ভাড়া বেড়েছে তিন টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মনিবাজারে জেলা পরিষদের ৫৪টি দোকানঘর রয়েছে। এসব দোকানের ভাড়া নির্ধারণ করা হয় ১৯৬৮ সালে। ৩৮ বছর পরে বড় দোকানগুলোর ভাড়া বাড়ানো হয়েছে মাত্র তিন টাকা।
দোকান ছাড়াও সেখানে রয়েছে চায়নিজ রেস্তোরাঁ ও দরবার হলের মতো বড় ভবন। এগুলোর চুক্তি কবে নবায়ন করা হয়েছে—এত দিন তা সবার অজানাই ছিল। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী বর্তমান ভাড়ার চেয়ে তিন গুণ বেশি ভাড়ায় এগুলোর বরাদ্দ নিতে চাইলে বিষয়টি আলোচনায় আসে। এখন কর্তৃপক্ষ ও বরাদ্দ পাওয়া ব্যবসায়ী—কেউ বলতে চাচ্ছেন না কবে এগুলোর চুক্তি নবায়ন করা হয়েছে এবং তার শর্ত কী ছিল।
ব্যবসায়ীরা বলছেন, নতুনভাবে বরাদ্দ দিলে শুধু নানকিং কর্তৃপক্ষের কাছ থেকেই মাসে আরও প্রায় লাখ টাকা বেশি ভাড়া পাওয়া যাবে।
রাজশাহী জেলা পরিষদ থেকে জানা গেছে, নগরের মনিবাজারে ১৯৬৮ সালে তারা ৫৪টি দোকানঘর নির্মাণ করে। ওই সময় বড় দোকানগুলোর ভাড়া নির্ধারণ করা হয় ২৯৭ টাকা, মাঝারিগুলোর ১৫০ টাকা ও ছোটগুলোর ১০০ টাকা। এরপরে দীর্ঘদিন এই দোকানঘরগুলোর ভাড়া বাড়ানো হয়নি। ২০০৬ সালের দিকে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়। সে সময় বড় দোকানগুলোর ভাড়া মাত্র তিন টাকা বাড়িয়ে ৩০০ টাকা, মাঝারিগুলোর ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা এবং ছোটগুলোর ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়। জেলা পরিষদের বরাদ্দপত্রের নিয়ম অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি দোকানগুলো অন্যপক্ষকে হস্তান্তর করতে পারবেন না। কিন্তু সবগুলো দোকানই মূল মালিক বেশি ভাড়ায় অন্য পক্ষের কাছে হস্তান্তর করে দিয়েছেন। এসব ব্যাপারে জেলা পরিষদ কর্তৃপক্ষ রহস্যজনক নীরব রয়েছে।
১৯৮৪ সালে জেলা পরিষদ মিলনায়তনের নিচতলায় এহসানুল হুদা দুলু নামের খুলনার একজন ব্যবসায়ী বরাদ্দ নিয়ে চায়নিজ রেস্তোরাঁ করেন। এরপরে তিনি মিলনায়তনের নিচতলার বড় অংশটি বরাদ্দ নিয়ে একটি মিলনায়তন করেন। রেস্তোরাঁর নাম দেন নানকিং চায়নিজ রেস্টুরেন্ট। মিলনায়তনের নাম দেন নানকিং দরবার হল। শুধু দরবার হলের আয়তনই তিন হাজার ৫৯৭ বর্গফুট। এরপর পর্যায়ক্রমে তিনি মনিবাজারের আরও কয়েকটি ঘর নিয়ে তাঁর ব্যবসা সম্প্রসারণ করেন। এর মধ্যে রয়েছে একটি কাবাবঘর, নানকিং বাজার, জেন্টস পারলার ও লেডিস পারলার।
জেলা পরিষদ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী রাজশাহী জেলা পরিষদের কাছে এহসানুল হুদা দুলুর দখলে থাকা প্রতিষ্ঠানের জায়গাগুলো তাঁদের নামে বরাদ্দের জন্য আবেদন করেন। নগরের কাজীহাটা এলাকার এসআর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ১৯ আগস্ট এই মর্মে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করা হয়েছে। তারা এক লাখ ১৮ হাজার টাকা মাসিক ভাড়া দেওয়ার প্রস্তাব করেছে।
পরের দিন ২০ আগস্ট একই এলাকার মেসার্স সেতু বন্ধন এন্টারপ্রাইজের পক্ষ থেকে একই ধরনের আবেদন করা হয়েছে। তারা মাসিক ভাড়া এক লাখ ১১ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছে।
ব্যবসায়ীদের কেউ কেউ জানান, নানকিং কর্তৃপক্ষ দীর্ঘদিন চুক্তি নবায়ন না করে বছরের পর বছর আগে নির্ধারিত ভাড়ায় জেলা পরিষদের ভবনগুলো ব্যবহার করছে। ফলে জেলা পরিষদ লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব জামান বলেন, নানকিং কর্তৃপক্ষের চুক্তি নবায়নের মেয়াদ পার হয়ে গেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর কার্যালয়ের হিসাবরক্ষক আফজাল হোসেন বলেন, দুই বছর আগে ভবন স্থানান্তরের সময় ওইসব ফাইল তাঁদের পুরোনো ভবনের গুদামে থেকে গেছে। নানকিং কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির মেয়াদ বোধ হয় সাত-আট মাস আগে পার হয়ে গেছে। অন্যগুলোর কাগজপত্র খুঁজে পাননি।
নানকিংয়ের মালিক এহসানুল হুদা জানান, তিনি রাজশাহীতে প্রথম চায়নিজ রেস্তোরাঁ করেছেন। স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করছেন। তিনি জেলা পরিষদকে ৩৩ হাজার টাকার কিছু বেশি ভাড়া দেন। তিনি ছাড়া এখানে যাঁরা জেলা পরিষদের ঘর নিয়েছেন, তাঁরা কেউ ব্যবসা করেন না।