৩৮ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াসংলগ্ন নাফ নদীতে গতকাল রোববার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ নৌকা ও মিয়ানমারের ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তবে ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরের ভিত্তিতে টেকনাফ সদর চৌকির হাবিলদার মো. শামছুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাইট্যংপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকাকে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি জব্দ করে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ টাকা।
অন্যদিকে একই দিন ভোররাতে টেকনাফ সদর চৌকির জওয়ানেরা নাফ নদী অতিক্রম করে নাইট্যংপাড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করে। এদের মধ্যে ১৬ পুরুষ, তিন মহিলা ও তিনজন শিশু রয়েছে।