৩৮ হাজারে চার মাস ধরে বোনা জামদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা গ্যালারি মিলনায়তনে জামদানি মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা গ্যালারি মিলনায়তনে জামদানি মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ছবি: ফোকাস বাংলা

চার মাস ধরে জামদানি শাড়িটি বুনেছেন তাঁতি মজিবর রহমান ও তাঁর সহকর্মীরা। দাম ৩৮ হাজার টাকা। জানালেন যত বেশি সময় নিয়ে জামদানি বোনা হয়, শাড়ি তত বেশি মসৃণ ও সুন্দর হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা গ্যালারি মিলনায়তনে বাহারি জামদানি মেলার আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ৪০/৪৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে এসেছেন তাঁতিরা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেসকো যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁর ২০টি তাঁতশিল্প প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এছাড়া কুমুদিনী হ্যান্ডিক্রাফটস, আড়ং ও অঞ্জনস ফ্যাশনও প্রদর্শনীতে স্টল দিয়েছে।
রংধনু রঙের কোনোটিই বাদ নেই জামদানির মেলায়। বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, লাল চাইলেই যেকোনো রঙের শাড়িতে সাজানো যাবে নিজেকে। কেবল চিরচেনা কারুকাজের জামদানি শাড়িই নয়, মেলায় রয়েছে জামদানি দিয়ে তৈরি আরও নানা পণ্য।

জামদানির নাম শুনলে শুধু শাড়ির নামটাই আসত এত দিন। তবে এই প্রদর্শনীতে দেখা মিলেছে জামদানি দিয়ে তৈরি নানা পণ্যের। প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিনটি বুটিক হাউস নিয়ে এসেছে জামদানি কাপড়ের কুশন, টেবিলের কাপড়, বিছানার চাদর, পর্দা, শো পিচ ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিজাইনার বিবি রাসেল বললেন, বর্তমান প্রজেন্মর তরুণীরা অনেকে শাড়ি পরছেন না। জামদানিকে টিকিয়ে রাখতে হলে এর ব্যবহারের ক্ষেত্র বাড়াতে হবে। তাঁতিরা জানালেন, প্রদর্শনীতে আনা জামদানি শাড়িতে করলা পাড়ই বেশি। এছাড়াও ময়ূর প্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কাঠপাড়ের নকশাও রয়েছে। আর শাড়ির জমিনে গোলাপফুল, জুঁইফুল, তেছরী, কলার ফানা ইত্যাদি নকশাও আছে। শুরুতে দর্শক কম থাকলেও বেলা বাড়তে বাড়তে মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়তে দেখা গেল।

একপর্যায়ে দেখা মিলল নৃত্যশিল্পী শামীম আরা নীপার। প্রদর্শনী কেমন লেগেছে, জানতে চাইলে জানালেন, একসঙ্গে অনেক শাড়ি দেখার লোভেই প্রদর্শনীতে এসেছেন । শাড়ি ছাড়াও অন্যান্য পণ্যের ক্ষেত্রে জামদানির ব্যবহারটা অন্য রকম বলে জানালেন তিনি।মেলায় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং কোরিয়ান ন্যাশনাল কমিশন ফর ইউনেসকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।