বরগুনার তালতলী ও পাথরঘাটা উপজেলায় বঙ্গোপসাগরে গত সোমবার দিবাগত রাতে অন্তত ৩৮টি ট্রলারে লুটপাট চালায় জলদস্যুরা। তারা ওই সব ট্রলারের ইলিশ মাছ, যন্ত্রাংশ, খাদ্যসামগ্রীসহ অর্ধকোটি টাকার মালামাল ও ছয়টি ট্রলার লুট করে। অপহরণ করে অর্ধশতাধিক জেলে ও মাঝিকে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, সোমবার দিবাগত রাত দুইটা থেকে সাড়ে তিনটায় পাথরঘাটার লালদিয়া ও তালতলীর নিদ্রা সকিনা এলাকায় হানা দিয়ে জলদস্যুরা অন্তত ৩০ ট্রলারে হানা দিয়ে পাঁচটি ট্রলারসহ অর্ধশত জেলেকে অপহরণ করে। জলদস্যুরা ট্রলারে থাকা ইলিশ মাছ, জাল, টাকা, মুঠোফোন, ট্রলারের যন্ত্রাংশ, খাদ্যসামগ্রীসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে। অপহূত জেলেদের মধ্যে মিজানুর রহমান, দুলাল হোসেন, রিয়াজ, সেলিম, কামাল হোসেন, কামাল উদ্দিন, শুক্কুর মিয়া, জয়নাল, ফিরোজ ও আবুল হোসেনের নাম জানা গেছে। তাঁদের সবার বাড়ি পাথরঘাটার বাদুরতলা ও জ্ঞানপাড়া এবং তালতলীর নিদ্রা সকিনা ও সোনাকাটা গ্রামে।
অপহূত ট্রলারগুলো হলো এফবি ভাই ভাই, এফবি মায়ের দোয়া, এফবি রাশেদা, এফবি শাহেনূর ও এফবি আফজাল।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীও একই তথ্য জানিয়েছেন। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘সাগরে ডাকাতি হওয়ার খবর স্থানীয় এক চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। লালদিয়া ও নিদ্রা সকিনায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।’
এদিকে দিবাগত রাত চারটার দিকে তালতলী উপজেলা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের পক্ষীদিয়ার চর এলাকায় জলদস্যুরা আটটি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকার ইলিশ মাছ ও জাল লুট করে। এ সময় দস্যুরা এফবি খলিল নামে একটি ট্রলারসহ আটজন মাঝিকে অপহরণ করে সুন্দরবনের গভীরে নিয়ে যায়।
অপহূত ব্যক্তিদের মধ্যে মহসিন মাঝি (৩৬), দুলাল রাঢ়ি (৪০), কামাল মাঝি (৩০), ইউসুফ মাঝি (৩২), জাকির মাঝি (৩৫) ও মিরাজ মাঝির (২৬) নাম জানা গেছে। তাঁদের বাড়ি তালতলীর বিভিন্ন গ্রামে। লুট হওয়া এফবি খলিলের মালিক খলিলুর রহমান গাজী জানান, আটজনকে অপহরণ করে নিয়ে গেলেও গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত মুক্তিপণের বিষয়ে দস্যুদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।