৩৮টি প্লট নিয়ে নেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৪ বছরেও মালিকানা নির্ধারণ না হওয়ায় রাজধানীর অভিজাত এলাকার ৩৮টি প্লট নিয়ে ওই জায়গায় বহুতল আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা বলছেন, গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালী এলাকায় এসব প্লটের প্রতিটির আয়তন ১২ কাঠা থেকে ২২ কাঠা পর্যন্ত। এর মধ্যে গুলশানে রয়েছে সর্বোচ্চ ৩০টি, বনানীতে ৫টি, মহাখালীতে ২টি ও দিলকুশা এলাকায় আছে ১টি প্লট।
রাজউক সূত্রে জানা যায়, ষাটের দশকের শুরুতে প্লটগুলো বরাদ্দ দেয় তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)। বরাদ্দপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন পশ্চিম পাকিস্তানের নাগরিক। মুক্তিযুদ্ধের পর তাঁদের অনুপস্থিতিতে বিভিন্ন ব্যক্তি এসব প্লটের মালিকানা দাবি করতে থাকেন। এর মধ্যে একটি প্লটের বিপরীতে সর্বোচ্চ ছয়জন ব্যক্তির মালিকানা দাবির ঘটনাও ঘটেছে। ক্রয়সূত্রে অথবা বিভিন্ন উপায়ে মালিকানা দাবি করা এসব ব্যক্তির তালিকায় বিএনপিসহ সরকারদলীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম থাকলেও সংশ্লিষ্ট সূত্র তা প্রকাশ করতে রাজি হয়নি।
প্লটগুলো দখলের জন্য রাজনৈতিক তৎপরতা জারি থাকার বিষয়টি স্বীকার করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা এর একটি স্থায়ী সমাধান চাচ্ছিলাম। এ জন্যই প্লটগুলোতে বহুতল আবাসন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। পরে এগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেব কিংবা বিক্রি করা হবে।’ এ জন্য একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিষয়টি সম্পর্কে রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘প্লটের জন্য তখন যে দলিল বা বরাদ্দপত্র দেওয়া হতো, সেখানে মালিকের কোনো ছবি রাখা হতো না। এই দুর্বলতার সুযোগ এখনো অনেকে নিচ্ছেন।’ তবে নাম প্রকাশ না করার শর্তে রাজউকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, একটি-দুটি বাদে বাকি সব প্লটের মূল কাগজপত্র চুরি হয়ে যাওয়ায় আসল মালিককে চিহ্নিত করার প্রক্রিয়াটি আরও জটিল হয়ে পড়েছে।
রাজউকের সম্পত্তি ও ভূমি শাখা থেকে জানানো হয়, প্লটগুলোর মালিকানা নিয়ে আদালতে যে মামলাগুলো চলছে, তার অধিকাংশের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম। তারপরও যদি কেউ মালিকানা প্রমাণ করতে পারেন, তাহলে তাঁকে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেওয়া হবে। বিতর্কিত ৩৯টি প্লটের মধ্যে এর মধ্যেই একটির প্রকৃত মালিক খুঁজে পাওয়া গেছে।
আরও ১১ পরিত্যক্ত ভবনে বহুতল আবাসন: এদিকে রাজধানীর গুলশান, মোহাম্মদপুর, ধানমন্ডি ও লালমাটিয়ার ১১টি পরিত্যক্ত ভবন ভেঙে সেখানে বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য এগুলো অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে রাজউক। ভবনগুলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ছিল। গত ৫ মে মন্ত্রণালয় এগুলো অধিগ্রহণের জন্য রাজউকের পক্ষে প্রশাসনিক অনুমোদন দেয়।
এ বিষয়ে রাজউকের সম্পত্তি ও ভূমি শাখার সহকারী পরিচালক মো. ইফতিখার আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভবনগুলো অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে এর মূল্য নির্ধারণ করে দিলেই আমরা অধিগ্রহণের কাজ শেষ করতে পারব।’
রাজউক সূত্রে জানা যায়, গুলশানের এ রকম তিনটি ভবনের মধ্যে একটি বর্তমানে খালি আছে। বাকি দুটির মধ্যে একটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নামে বরাদ্দ করা হলেও তিনি সেখানে থাকেন না। অন্যটি বরাদ্দ দেওয়া আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিকের নামে।
মোহাম্মদপুরের পাঁচটি ভবনের একটিতে আছেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। অন্যগুলোতে আছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী, একটি ব্যবহৃত হচ্ছে ট্রাফিক পুলিশের কার্যালয় হিসেবে এবং বাকি দুটি দুজন সাধারণ নাগরিককে বরাদ্দ দেওয়া।
ধানমন্ডির ভবন দুটিতে আছেন বিচারপতি মো. আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা। আর লালমাটিয়ার লন হাউসে থাকছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক দীন মোহাম্মদ।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় প্রায় দেড় লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। এঁদের মধ্যে মাত্র ৮ শতাংশ আবাসন সুবিধা পান। এই ১১টি ভবনসহ গুলশান-বনানীর প্লটগুলোতে বহুতল আবাসিক ভবন নির্মাণের মধ্য দিয়ে আবাসন-সংকট কিছুটা হয়তো মিটবে।